ঢাকাসহ দেশের শহরগুলোকে বাসযোগ্য করে গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আমাদের তরুণরা পারবে শহরগুলোকে বাসযোগ্য করতে এবং বর্তমান সরকার এ কাজে তাদের পাশে থাকবে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ‘বিশ্ব শহর দিবস-২০২৪’ উপলক্ষে ডেইলি স্টারের সেমিনার হলে আয়োজিত ‘ইউথ লিডিং ক্লাইমেট এবং লোকাল অ্যাকশন ফর সিটিজ’ শীর্ষক এক যুব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও ঢাকার বর্জ্য ব্যবস্থায় উন্নতি হয়নি। শিশুদের খেলার জায়গার অভাব রয়েছে। শহরকে বাসযোগ্য করতে সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর চন্দন জেড. গোমেজ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম শহীদুল ইসলাম, আইএবি ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ আলী নকী এবং ক্যাপস চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।
যুব সংলাপে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, বর্তমানে আমরা পরিবেশ সংস্কারের যে জায়গায় আছি, আমাদের উচিত অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার পরিকল্পনা করা। তরুণদের নেতৃত্বে দূষণমুক্ত শহরের তালিকায় ঢাকার নাম যেন আসে, সেই প্রত্যাশা করি। তিনি বায়ুদূষণ, শব্দদূষণ এবং প্লাস্টিকদূষণ মোকাবিলায় সরকারকে সহায়তা করার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ধরিত্রী কুমার সরকার বলেন, শহর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের লক্ষণীয় প্রভাব রয়েছে। এই প্রভাব থেকে বাঁচতে চাইলে আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার। তার জন্য সর্বপ্রথম আমাদেরকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, ঢাকার ড্রেনেজ সিস্টেম ঠিক করতে হবে পাশাপাশি পানি ও বিদ্যুতের অপচয় কমাতে হবে।
বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত এ অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং যুব ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








