বেসরকারি বিশ্ববিদ্যালয় উদ্যোক্তাদের মুনাফামুখী না হয়ে উচ্চশিক্ষা প্রসারের মহান দায়িত্বকে সেবামূলক কার্যক্রম হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে উদার দৃষ্টিভঙ্গিতে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ফি নির্ধারণের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
ঢাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ১৭তম সমাবর্তনে বক্তৃতাকালে বৃহস্পতিবার এ আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী।
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দেশের দক্ষ জনসম্পদ গড়ে তোলার বিরাট সম্ভাবনার খাত হিসেবে উল্লেখ করেন নাহিদ। তিনি এ সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে বিশ্ববিদ্যালয় উদ্যোক্তাদের সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলার পরামর্শ দেন।
শিক্ষামন্ত্রী বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে এখনও যায়নি, একাধিক ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত হতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম।
এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, আইইউবি উপাচার্য অধ্যাপক এম, ওমর রহমান প্রমুখ বক্তব্য দেন।
আইইউবি সমাবর্তন অনুষ্টানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১ হাজার ৩৮৮জন ছাত্র-ছাত্রীকে ডিগ্রি ও শিক্ষা সনদ দেওয়া হয়। তার মধ্যে ৪৩৪ জন স্নাতকোত্তর ও ৯৫৪জন স্নাতক শিক্ষার্থী রয়েছে। ১০৫জন শিক্ষার্থীকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। তার মধ্যে সেরা অলরাউন্ডার হিসেবে শিক্ষার্থী মাহতাব ফাহিমকে সেরা পুরস্কার হিসেবে সোনার পদক দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আইইউবি সমাবর্তনে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য, বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার জনপ্রতিনিধি, দেশি-বিদেশি, অতিথিবর্গ, বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
/এফএস/








