থ্রি নট থ্রি রাইফেল দিয়ে প্রথম সশস্ত্র প্রতিরোধ পুলিশের

জামাল উদ্দিন
২৬ মার্চ ২০১৬, ০৬:৪৫আপডেট : ২৬ মার্চ ২০১৬, ০৬:৪৫

থ্রি নট থ্রি রাইফেল মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনীকে প্রথম সশস্ত্র প্রতিরোধ করেছিলো পুলিশ সদস্যরা। রাজারবাগ পুলিশ লাইন্সে হামলার পর পুলিশ সদস্যরাও পাকহানাদার বাহিনীকে লক্ষ্য করে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে গুলি চালায়। প্রথম অবস্থাতেই পাল্টা আক্রমণে হতভম্ব হয়ে পড়ে পাকবাহিনী। পরে আরও শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে রাজারবাগ পুলিশ লাইন্সে।
মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কাজ করেন এমন কর্মকর্তারা জানান, ১৯৭১ সালের ২৫ মার্চ দুপুর ২টার পর থেকে পুলিশের শীর্ষ কর্মকর্তারা নানা ধরনের গোয়েন্দা তথ্য পেতে থাকেন।এরপরই কন্ট্রোল রুম থেকে শহরের বিভিন্নস্থানে পুলিশের টহল টিম পাঠানো হয়। বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশ সদস্যরা খবর দিতে থাকেন শহরের পরিস্থিতি থমথমে ও জনমনে আতঙ্ক বিরাজ করছে।
সন্ধ্যার পর পুলিশ কর্মকর্তারা খবর পান যেকোনও সময় রাজারবাগসহ বিভিন্নস্থানে পাকিস্তানিরা আক্রমণ করতে পারে। রাত ১০ টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে টহলরত একটি পুলিশ টহল টিম বেতার মারফত জানায়, পাকবাহিনীর একটি বড় ফোর্স যুদ্ধসাজে শহরের দিকে এগুচ্ছে। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে খবর আসে, তৎকালীন রেসকোর্স ময়দান ও বর্তমানে রমনা পার্কের উত্তর ও দক্ষিণ দিকে সেনাবাহিনীর বেশ কিছু সাঁজোয়া যান অপেক্ষা করছে। এসব খবর পেয়ে রাজারবাগের বাঙালি পুলিশ সদস্যরা যে যার মতো প্রতিরোধ যুদ্ধের প্রস্তুতি নিতে থাকেন।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগের ওয়্যারলেস অপারেটর হিসেবে অন্যান্যের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া। পরে তিনি সাব ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়ে অবসরে যান। যিনি পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে রাজারবাগ পুলিশ লাইন্সসহ রাজধানী ঢাকা আক্রান্ত হওয়া এবং বাঙালি পুলিশ সদস্যদের প্রতিরোধের বার্তা বেতার মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দিয়েছিলেন। এজন্য শাহজাহান মিয়া পাকিস্তানি বাহিনীর হাতে চরম নির্যাতনও ভোগ করেন। পরে মুক্তিযুদ্ধের ৯ মাস ১১ নম্বর সেক্টরের বিভিন্ন এলাকায় বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন তিনি।
শাহজাহান মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন,‘৭১ সালের ২৫ মার্চ রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইনসহ রাজধানীর বিভিন্নস্থানে হামলা চালায়, তখন তিনি দায়িত্ব পালন করছিলেন। পাকবাহিনী যখন হামলা চালায় তখন রাত আনুমানিক সাড়ে ১১টা। হামলা চালানোর সঙ্গে সঙ্গে বাঙালি পুলিশ সদস্যরাও পাল্টা আক্রমণ করে। কাল বিলম্ব না করে তিনি পূর্ব পাকিস্তানের সকল বিভাগ ও জেলা শহরের পুলিশ স্টেশনগুলোতে একটি মেসেজ পাঠিয়ে দেন। সেই মেসেজটা ছিল-‘ ওভার- বেইজ ফর অল স্টেশন্স অব ইস্ট পাকিস্তান পুলিশ, কিপ লিসেন অ্যান্ড ওয়াচ, উই আর অলরেডি অ্যাটাকড বাই পাক আর্মি। ট্রাই টু সেভ ইয়োরসেল্ফস,ওভার।’ এজন্য পরদিন ২৬ মার্চ ভোর পাঁচটার দিকে পাকিস্তানি বাহিনী তাকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তার ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন।
তিনি বলেন, রাত ১২টার দিকে বাঙালি পুলিশ সদস্যদের মরণপণ প্রতিরোধে থমকে যায় ট্যাংক ও কামান সজ্জিত পাকবাহিনী। একটু পরই মর্টার ও হেভি মেশিনগান দিয়ে গুলি বর্ষণ শুরু করে। রাজারবাগ পুলিশ লাইন্সের ৪টি ব্যারাকে আগুন লেগে যায়। পাকবাহিনীর প্রায় আটশ’ সদস্য ট্যাংকবহরসহ প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে। এ সময় তাদের হাতে অনেক বাঙালি পুলিশ সদস্য হতাহত হন। আটক হন আরও ১৫০ জন পুলিশ সদস্য।পরে পাকবাহিনীর ভারী অস্ত্রের মুখে বাঙালি পুলিশ সদস্যরা তাদের কৌশল পরিবর্তন করে গেরিলা পদ্ধতিতে পাকবাহিনীর ওপর হামলা চালায়। কেউ কেউ অস্ত্র ও গোলাবারুদসহ মালিবাগ, চামেলীবাগ প্রান্ত দিয়ে ঢাকা শহরের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।
মুক্তিযুদ্ধে পুলিশের অবদান নিয়ে গ্রন্থ রচনাসহ বিভিন্ন গবেষণামুলক কাজ করেন ডিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার আবিদা সুলতানা। সম্প্রতি তিনি ‘শহীদ পুলিশের রক্তের ঋণ’ নামের একটি বই রচনা করেন।বইয়ের মুখবন্ধে তিনি উল্লেখ করেন, ২৫ মার্চ কালরাতে রাজারবাগের পুলিশ সদস্যরা প্রথম থ্রি নট থ্রি রাইফেল দিয়ে প্রতিরোধ শুরু করেন। পুলিশের বেতারযন্ত্রের মাধ্যমে পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের খবর ছড়িয়ে দেওয়ার পর প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন সারাদেশের পুলিশ সদস্যরা।
বাঙালি পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের পাশাপাশি পুলিশের কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদ মুক্তিকামী মানুষের হাতে তুলে দেন। যে কারণে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দি ও শহীদ হতে হয় ডিআইজি থেকে শুরু করে সকল পর্যায়ের সহস্ত্রাধিক পুলিশ সদস্যকে। একজন ডিআইজি ও চারজন পুলিশ সুপারসহ বিভিন্ন পদবীর এগারশো’ বেশি পুলিশ সদস্য শহীদ হন মুক্তিযুদ্ধে। আহত ও পঙ্গুত্ব বরণ করেন আরও অনেকে। প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
জেইউ/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম