স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠক পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি সভাপতিমণ্ডলী মনোনয়ন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ সভাপতিমণ্ডলী ঘোষণা করেন।
স্পিকার যে পাঁচজন সংসদ সদস্যকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন তারা হলেন— মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মো. মনিরুল হক চৌধুরী এবং এটিএম আজহারুল ইসলাম।
স্পিকার জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠকে সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে, তিনিই স্পিকারের আসনে বসে অধিবেশন পরিচালনা করবেন।
প্রসঙ্গত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধিতে সভাপতিমণ্ডলী মনোনয়নের বিধান রয়েছে। সেখানে বলা হয়েছে, প্রত্যেক অধিবেশনের শুরুতে স্পিকার সংসদ সদস্যদের মধ্য থেকে অনধিক পাঁচজনকে নিয়ে একটি সভাপতিমণ্ডলী গঠন করবেন এবং তাদের নাম প্রাধান্যক্রমে সাজাবেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে, তিনি সভাপতির আসন গ্রহণ করবেন।
এছাড়া কার্যপ্রণালী-বিধিতে উল্লেখ আছে, সংসদের কোনো বৈঠকে সভাপতিত্ব করার সময় ডেপুটি স্পিকার বা অন্য যে ব্যক্তি দায়িত্ব পালন করবেন, তারও স্পিকারের মতোই একই ক্ষমতা থাকবে। স্পিকারের ক্ষেত্রে বিধিতে যে ক্ষমতার কথা বলা হয়েছে, তা সভাপতিত্বকারী অন্য ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।









