বিজিবি পরিবারের বিশেষ শিশুরা বিজিবির শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ালেখার সুযোগ পাবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস- ২০১৬ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সদর দপ্তর পিলখানায় আজ সকালে আয়োজিত আলোচনায় তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সিপকস) এর প্রধান পৃষ্ঠপোষক (বিজিবি মহাপরিচালকের পত্নী) বেগম দিলশাদ নাহার আজিজ প্রধান অতিথি এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌফিকুল হাসান সিদ্দিকী। এছাড়া শিশু বিশেষজ্ঞ লে. কর্নেল ইসমত আরা বেগম ও মনোবিজ্ঞানী নাঈমা ইসলাম (চয়ন) আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বিশেষ শিশুদের প্রতি পরিবার, আত্মীয়-স্বজন ও সমাজের সকলের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি বেগম দিলশাদ নাহার আজিজ তার বক্তব্যে বিশেষ শিশুদের প্রতি বেশি যত্নবান হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বিজিবি মহাপরিচালক বলেন, বিজিবি পরিবারের বিশেষ শিশুদের বিজিবি’র শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ালেখার সুযোগ প্রদানসহ তাদের কল্যাণে বিজিবি’র পক্ষ থেকে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম দিলশাদ নাহার আজিজ বিজিবি পরিবারের বিশেষ শিশুদের শুভেচ্ছা উপহার প্রদান করেন। পিলখানায় কর্মরত বিজিবি’র সব পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সদস্য এবং বিজিবি পরিবারের বিশেষ শিশু ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
/এআরআর / এএইচ/







