রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ আগস্ট ২০২৬, ১৭:৩৫আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৭:৪৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ এবং এরপর নতুন চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ ঘিরে প্রস্তুত বঙ্গভবন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শপথের পরই মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। শুক্রবার রাজধানীর গুলিস্তান এলাকায় বঙ্গভবনের আশপাশ ঘুরে দেখা যায়, জনবহুল এই এলাকার চিত্র অনেকটাই বদলে গেছে। সড়ক ও ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বঙ্গভবনের সামনের দীর্ঘদিনের ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন সড়কে ডাইভারশন রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বঙ্গভবন এলাকায় দুপুরের চিত্র। ছবি: বাংলা ট্রিবিউন

গুলিস্তান থেকে বঙ্গভবনমুখী সড়কের ফুটপাত থেকেও অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়েছে। ফলে ফুটপাত ও আশপাশের এলাকা অনেকটাই ফাঁকা দেখা গেছে। তবে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নির্দেশনাও দিয়েছে।

বঙ্গভবনের বাইরে থেকে ভেতরের আয়োজনের বিস্তারিত বোঝা না গেলেও রাষ্ট্রপতির শপথকে কেন্দ্র করে সেখানে বড় ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গভবনের সামনের অংশ পরিচ্ছন্ন ও পরিপাটি করে রাখা হয়েছে। প্রবেশপথ ও বিভিন্ন স্থাপনার আশপাশের সৌন্দর্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া হয়েছে।

বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মূলত দুটি শপথ অনুষ্ঠান হবে। প্রথমে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। এরপর তিনি নতুন মন্ত্রিসভার চার সদস্যকে শপথ পড়াবেন।

রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শুরুতে জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের পর রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। শপথ শেষে শপথ বইয়ে সই করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আনুষ্ঠানিকতা শেষে তিনি রাষ্ট্রপতির চেয়ারে আসীন হবেন।

শপথ অনুষ্ঠানে অংশ নিতে প্রায় দেড় হাজার আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে বলে বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে। রাষ্ট্রপতির শপথ শেষে আবার জাতীয় সংগীত পরিবেশন করা হবে। এরপর অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।

বঙ্গভবন এলাকায় দুপুরের চিত্র। ছবি: বাংলা ট্রিবিউন

রাষ্ট্রপতির শপথের আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে আসবেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনে প্রবেশ করবেন। পরে তারা দরবার হলে যাবেন।

রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভার নতুন চার সদস্যের শপথ অনুষ্ঠিত হবে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন সদস্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী মন্ত্রী হিসেবে এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তাদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন পুল থেকে গাড়িও প্রস্তুত রাখা হয়েছে।

বঙ্গভবন এলাকায় দুপুরের চিত্র। ছবি: বাংলা ট্রিবিউন

গত ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। একই দিন নির্বাচন কমিশন মির্জা ফখরুলকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে পদটি শূন্য হয়। সংবিধান অনুযায়ী তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। ফলে স্পিকারের দায়িত্ব পান ডেপুটি স্পিকার কায়সার কামাল। নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার মধ্য দিয়ে সেই দায়িত্বেরও অবসান হবে।

/ইউএস/
টাইমলাইন: রাষ্ট্রপতির শপথ
২১ আগস্ট ২০২৬, ১৭:৩৫
রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন
সম্পর্কিত
শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
বঙ্গভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা, আসতে শুরু করেছেন অতিথিরা
মির্জা ফখরুলকে ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তানের অভিনন্দন
সর্বশেষ খবর
যুদ্ধ বদলে দিচ্ছে আকাশপথ, এশিয়ায় বাড়ছে আন্তর্জাতিক ট্রানজিট
যুদ্ধ বদলে দিচ্ছে আকাশপথ, এশিয়ায় বাড়ছে আন্তর্জাতিক ট্রানজিট
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে চার জন
মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে চার জন
শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা