বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
হাইকমিশনার প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ-ব্রিটেন অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলে আস্থা প্রকাশ করেন। রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ করেন হাই কমিশনার।
উভয় পক্ষ দুই দেশের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক এবং মানুষে মানুষে দৃঢ় যোগাযোগ সন্তোষ প্রকাশ করেছে এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করা, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং বাংলাদেশের বিমান পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছে।
তারা শিক্ষা, অভিবাসন ও গতিশীলতা, দক্ষতা উন্নয়ন এবং নিরাপত্তাসহ অন্যান্য অগ্রাধিকারের ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেছেন।
প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন এবং মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাজ্যের ভূমিকা বজায় রাখার আহ্বান জানান। হাইকমিশনার আশ্বস্ত করেন যে, যুক্তরাজ্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিষয়ে তার নেতৃত্বের ভূমিকা পালন অব্যাহত রাখবে এবং বিষয়টিকে আন্তর্জাতিক এজেন্ডায় শীর্ষে রাখার জন্য কাজ করবে।
উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বিশ্বজুড়ে শান্তিরক্ষীরা অবদান রাখলে মুসলিম বিশ্বে কেন নয়: হুমায়ুন কবির







