বাংলাদেশ সচিবালয়ে নিজ দফতর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জন্মাষ্টমীর অনুষ্ঠানে তিনি যোগ দেন।
জানা যায়, দিনের প্রথম কর্মসূচিতে মন্ত্রিপরিষদ বিভাগে খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত বৈঠকে অংশ নেন তিনি। পরে সচিবালয়ের পাশের ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের ভেতর থেকে দক্ষিণ দিকের মূল গেট দিয়ে বের হন। সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্য ছাড়াও ব্যক্তিগত কর্মকর্তা ও প্রেস উইংয়ের সদস্যরা ছিলেন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে যোগ দিতে যাওয়ার সময় পথচারীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় তিনিও হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।









