বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুতের দাম তুলনামূলক বেশি হলেও এই ধরনের প্রকল্পের মূল্যায়নে শুধু বিদ্যুতের ইউনিটপ্রতি দাম বিবেচনা করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, “বর্জ্যভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান উদ্দেশ্যের একটি হচ্ছে নগরের বর্জ্য ব্যবস্থাপনা। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিপুল পরিমাণ কঠিন বর্জ্যের পরিবেশসম্মত ব্যবস্থাপনা সম্ভব হবে এসব প্রকল্পের মাধ্যমে।”
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ বিষয়ে গত ৩ সেপ্টেম্বর বিভিন্ন অংশীজন ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়েছে বলে জানান তিনি।
বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ২৫ টাকা ইউনিট দরে কেনার প্রস্তাব নিয়ে প্রশ্ন ওঠার প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, “শুধু এই দাম দেখে প্রকল্পকে ব্যয়বহুল বলা হলে এর বর্জ্য ব্যবস্থাপনার সুবিধাটি বাদ পড়ে যায়।”
তিনি বলেন, “শহরগুলোতে প্রতিদিন প্রায় তিন হাজার টন বা তারও বেশি বর্জ্য তৈরি হচ্ছে। সেই বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।”
এছাড়া বিশ্ববাজারে এলএনজির দাম অত্যন্ত বেড়ে গেলে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ও অনেক ক্ষেত্রে ইউনিটপ্রতি ২০ টাকার ওপরে চলে যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, “বর্জ্যভিত্তিক বিদ্যুতের মূল ফোকাস শুধু বিদ্যুৎ নয়। বিদ্যুতের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”









