বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলুয়াহাব সাইদানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করা হয়।
প্রতিমন্ত্রী বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।
উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, কৃষি, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা, সংস্কৃতি, মানুষে মানুষে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা জোরদারের উপায় নিয়েও আলোচনা করেন।
শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারের ক্ষেত্রে সহযোগিতা, জলবায়ু ইস্যুতে সহযোগিতার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন, যেখানে উভয় দেশই বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাবের শিকার হয়েছে। তিনি আলজেরিয়ায় আরও জৈব পচনশীল এবং পরিবেশবান্ধব পাট এবং পাটজাত পণ্য রফতানিতে উৎসাহিত করেন। প্রতিমন্ত্রী জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অংশীদারত্ব গভীর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও গভীর করতে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস, জাহাজ নির্মাণ, ক্রীড়া, সংস্কৃতি এবং উচ্চ পর্যায়ের সফরের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথা পুনর্ব্যক্ত করেন।









