বন্দর থেকে জ্বালানির দাম, সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ অক্টোবর ২০২৬, ১৩:২০ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৩:২০

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ ঘিরে শ্রমিক সংগঠনগুলোর আপত্তি ও আন্দোলনের হুঁশিয়ারি, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার পর দেশে দাম পুনঃসমন্বয়ের সম্ভাবনা এবং বাজারে নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার অভিযোগের কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

তিনি বলেছেন, বৃহত্তর জনগণের স্বার্থে কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে সরকার তা নিতে পিছপা হবে না। তবে বন্দর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা এবং তাদের আশ্বস্ত করেই তা করা হবে। একইভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের কম দাম একটি স্থিতিশীল পর্যায়ে থাকলে দেশেও মূল্য পুনর্বিবেচনার বিষয়টি সরকার দেখবে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।

বন্দর নিয়ে আন্দোলন হলেও ‘জনস্বার্থের সিদ্ধান্ত’ থেকে সরবে না সরকার 

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ এবং এ নিয়ে বিভিন্ন শ্রমিক ও সংশ্লিষ্ট সংগঠনের বিরোধিতার বিষয়ে তথ্য উপদেষ্টাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। 

বন্দর বন্ধের হুঁশিয়ারিসহ আন্দোলনের কারণে সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে কিনা, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকার যখন কোনও সিদ্ধান্ত নেওয়ার দিকে যায়, তখন সেটি রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিবেচনা করেই করা হয়। কোনও সিদ্ধান্ত কোনও ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠনের স্বার্থের বিপরীতে যেতে পারে। কিন্তু সরকারের মূল বিবেচনা থাকবে বৃহত্তর জনস্বার্থ। 

তিনি বলেন, ‘সরকার যদি শেষ পর্যন্ত সিদ্ধান্তটি নিতে চায়, তাহলে এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে, তাদের আশ্বস্ত করেই সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু আন্দোলনের কারণে সরকার জনকল্যাণকর কোনও সিদ্ধান্ত থেকে সরে আসবে, বিষয়টিকে আমি সেভাবে দেখি না।’ 

তবে বিরোধী দলে থাকার সময় বিএনপির বন্দর পরিচালনা বিদেশিদের দেওয়ার বিরোধিতা এবং বর্তমানে সরকারের অবস্থানের মধ্যে কোনও পরিবর্তন আছে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘সংসদে বা অতীতে বিএনপি ঠিক কী অবস্থান নিয়েছিল, সেটি যাচাই করে পরে জানানো হবে।’ 

সম্প্রতি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমে আসার পর বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে সরকারের অবস্থান জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘বাংলাদেশে যখন জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল, তার পরপরই আন্তর্জাতিক বাজারে কিছুটা দাম কমেছিল। কিন্তু কয়েক দিনের মধ্যেই আবার তা বেড়ে যায়। ফলে এক বা দুই দিনের বাজারদর দেখে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।’ 

জাহেদ উর রহমান বলেন, ‘আন্তর্জাতিক বাজারে কম দাম যদি মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় থাকে, তাহলে সরকার অবশ্যই বিষয়টি বিবেচনা করবে।’ 

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। আন্তর্জাতিক বাজারে সাময়িক ওঠানামার পেছনে বিভিন্ন ভূরাজনৈতিক কারণও রয়েছে। তাই বিশ্ববাজারের নিম্নমুখী দাম কতটা টেকসই হয়, সেটি সরকার পর্যবেক্ষণ করবে।’ 

জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব সরাসরি সাধারণ মানুষের ওপর পড়ে বলেও স্বীকার করে তিনি বলেন, ‘জ্বালানির মূল্য বাড়লে উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়ে, বিনিয়োগে চাপ পড়ে এবং মূল্যস্ফীতি বাড়তে পারে। শেষ পর্যন্ত এর প্রধান ভুক্তভোগী হন সাধারণ মানুষ।’ 

তিনি বলেন, ‘একটা দেশের ব্যবসা ও বিনিয়োগ কমে গেলে কর্মসংস্থান কম তৈরি হয়। মানুষের চাকরি হয় না, বেতন বাড়ে না। কারও কারও চাকরিও চলে যায়। এই পরিস্থিতি সরকারের জন্য মোটেও ভালো কিছু নয়। ফলে সরকার এ বিষয়ে সংবেদনশীল।’

বর্তমানে অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রির সিদ্ধান্ত রয়েছে।

এলপিজিতে সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ

খুচরা বাজারে নির্ধারিত দামে এলপিজি না পাওয়া এবং কোথাও কোথাও বাড়তি দাম নেওয়ার অভিযোগ নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে নজরদারি বাড়াতে সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইন বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও প্রশাসনের মোবাইল কোর্টের মাধ্যমে তদারকিও চলছে।

তথ্য উপদেষ্টা বলেন, ‘কেবল অভিযান পরিচালনা করে বাজার স্বাভাবিক করা সম্ভব, সরকার এমনটা মনে করে না।’ তিনি বলেন, ‘এটা একটা সমন্বিত পদক্ষেপ। যারা আমদানি করেন, বোতলজাত করেন এবং ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের মাধ্যমে সরবরাহ যেন স্বাভাবিক থাকে সেই চেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে যারা নির্ধারিত নিয়ম মানছেন না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এলপিজি ব্যবসায়ীদের সঙ্গে জ্বালানিমন্ত্রীর বৈঠকের কথাও জানান তিনি। ব্যবসায়ীরা বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়।

ভোক্তা অধিকার অধিদফতরের ৯৮৪ অভিযান

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে সেপ্টেম্বর মাসে সারা দেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ৯৮৪টি বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। বিভিন্ন অনিয়মের অভিযোগে বিপুলসংখ্যক প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে।

জ্বালানি ও এলপিজির দাম বাড়লে পরিবহন থেকে শুরু করে প্রায় সব পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যয় বাড়ে সে পরিস্থিতিতে শুধু বাজার অভিযান সাধারণ মানুষকে কতটা স্বস্তি দিতে পারবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘বাজার অভিযান সামগ্রিক ব্যবস্থাপনার একটি অংশমাত্র। সরবরাহ, আমদানি, বাজার পরিস্থিতি এবং আইন প্রয়োগ। সবগুলোকে সমন্বিতভাবেই দেখছে সরকার।’ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও সরকারের অবস্থান জানতে চান সাংবাদিকরা। জবাবে জাহেদ উর রহমান ঘটনাটিকে ‘খুবই দুঃখজনক’ উল্লেখ করে বলেন, রাজনৈতিক বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়াই যথেষ্ট নয়। কোনও ঘটনা ফৌজদারি অপরাধ হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, ‘যেই জড়িত থাকুক না কেন, ফৌজদারি অপরাধের ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়ার কথা, সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।’ অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট রাজনৈতিক ছাত্রসংগঠন সাংগঠনিক ব্যবস্থা নিলেও এর বাইরে ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।

তিস্তা মহাপরিকল্পনায় যুক্ত হচ্ছে পানি সংরক্ষণের চিন্তা 

তিস্তা মহাপরিকল্পনার সর্বশেষ অবস্থা সম্পর্কেও ব্রিফিংয়ে বিস্তারিত কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ‘খুবই আন্তরিক’। তবে আগের পরিকল্পনায় মূলত নদীশাসন, ভাঙন প্রতিরোধ, খনন এবং ভূমি পুনরুদ্ধারের বিষয়গুলো প্রাধান্য পেয়েছিল। বর্তমান সরকার এর সঙ্গে শুষ্ক মৌসুমের জন্য পানি সংরক্ষণের সুযোগও যুক্ত করতে চাইছে। তিনি বলেন, ‘তিস্তা বর্ষায় অত্যন্ত খরস্রোতা হয় এবং কোথাও কোথাও নদী কয়েক কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হয়ে পড়ে। আগের পরিকল্পনায় নদী খনন করে নির্দিষ্ট প্রশস্ততায় আনা, পাড় শক্ত করা এবং ভূমি পুনরুদ্ধারের চিন্তা ছিল।’ 

জাহেদ উর রহমান বলেন, ‘এ কারণেই নতুন করে সম্ভাব্যতা ও কারিগরি বিষয়গুলো পরীক্ষা করা হচ্ছে। প্রকল্পে চীন অর্থায়ন করবে কিনা, এ প্রশ্নে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা করা হবে কিনা, সেটি বাংলাদেশের সিদ্ধান্ত। অর্থায়ন চীন, অন্য কোনও দেশ বা বাংলাদেশের নিজস্ব উৎস কোথা থেকে হবে সেটি পরবর্তী বিষয়।’ 

তিনি বলেন, ‘বাংলাদেশ তার স্বার্থের পক্ষে যায় এমন সিদ্ধান্তই নেবে। কার কাছ থেকে অর্থায়ন নিলে আমাদের সুবিধা হবে কিংবা নিজেরা করলে সুবিধা হবে কিনা, সরকার স্বাধীনভাবে সেই সিদ্ধান্ত নেবে।’

ব্যাটারিচালিত অটোরিকশা চলবে নীতিমালার আওতায় 

ঢাকাসহ বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল এবং প্রধান সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, সরকার একদিকে এসব যানের ইতিবাচক দিক স্বীকার করে, অন্যদিকে এগুলোকে নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেওয়ার পক্ষেও নয়। 

তিনি বলেন, ‘এসব যান অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে, তুলনামূলকভাবে পরিবেশবান্ধব এবং নগরের দুর্বল গণপরিবহন ব্যবস্থার মধ্যে বিপুলসংখ্যক মানুষকে যাতায়াত সুবিধা দিচ্ছে। তবে প্রধান সড়কে অবাধ চলাচল, চালকদের প্রশিক্ষণের অভাব, যানগুলোর অতিরিক্ত গতি এবং প্রয়োজনীয় নিরাপত্তা মান না থাকার বিষয়গুলো বড় সমস্যা।’ এসব বিবেচনায় লাইসেন্স, চলাচলের এলাকা, গতিসীমা, যান্ত্রিক বৈশিষ্ট্য ও নিরাপত্তা মান নির্ধারণ করে সরকার একটি নীতিমালা তৈরির কাজ করছে বলে জানান তিনি।

ডিসেম্বরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্যক্রম 

বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আগামী ডিসেম্বর থেকে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ এর প্রাথমিক কার্যক্রম শুরু হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের তথ্য জব ও ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে একটি ডাটাবেসে আনার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে বিভিন্ন শিল্পকারখানা ও প্রতিষ্ঠানে কী ধরনের জনবল প্রয়োজন, তারও অনলাইন ও অফলাইন ডাটাবেস তৈরি করা হবে। এর মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। তথ্য উপদেষ্টা বলেন, দেশের অন্যতম বড় সমস্যা বেকারত্ব। সরকার ক্ষমতায় আসার আগেও নির্বাচনি অঙ্গীকারে কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্ব দিয়েছিল।

ভিজিএফ-এ চালের পরিমাণ দ্বিগুণ করার উদ্যোগ

অসহায় ও দরিদ্র মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাও বাড়ানো হচ্ছে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ভিজিএফ কর্মসূচিতে বর্তমানে উপকারভোগীদের যে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে, সেখানে চালের পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে উপকারভোগীর সংখ্যাও বাড়ানো হবে। 

মূল্যস্ফীতির কারণে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনযাপন কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডসহ সরকারের অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচির পাশাপাশি খাদ্যসহায়তাও বাড়ানো হচ্ছে।’ 

সাত মাসে বিদেশে কর্মসংস্থান ৪ লাখ ৩৪ হাজার মানুষের

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে ব্রিফিংয়ে জানানো হয়, প্রতিকূল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। 

এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে রেল যোগাযোগ সম্প্রসারণ, নতুন লোকোমোটিভ সংগ্রহ, পরিবেশদূষণবিরোধী অভিযান, মৎস্যসম্পদ উন্নয়ন, ধর্মীয় ব্যক্তিদের সম্মানী এবং সামাজিক সুরক্ষা কার্যক্রমের তথ্যও ব্রিফিংয়ে উপস্থাপন করেন তথ্য উপদেষ্টা।

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
শেখ হাসিনা প্রশ্নে তৃতীয় দেশের সম্পৃক্ততা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ
সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মেট্রোর লাইনে কুকুর, ট্রেন চলাচলে ব্যাঘাত
মেট্রোর লাইনে কুকুর, ট্রেন চলাচলে ব্যাঘাত
রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: রানাসহ ৮ জনের মামলায় যুক্তিতর্ক পেছালো
রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: রানাসহ ৮ জনের মামলায় যুক্তিতর্ক পেছালো
বিশ্ববাজারে কেন কমছে জ্বালানি তেলের দাম?
বিশ্ববাজারে কেন কমছে জ্বালানি তেলের দাম?
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’