খুলনায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলমকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত হাসপাতালে গিয়ে আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শাহ আলমের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। আহত পুলিশ কর্মকর্তার সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সদর দফতরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
পাশাপাশি হামলার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়ে আহত পুলিশ কর্মকর্তা ও তার পরিবারকে আশ্বস্ত করেন।
হাসপাতাল পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান জানান, খুলনা জেলার এ সার্কেলে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম বিশেষ অভিযান শেষে রিকশাযোগে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। পথে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে তিন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় তারা শাহ আলমের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর গুরুতর জখম করে।
তিনি আরও জানান, পরে গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় খুলনা থানায় একটি মামলা করা হয়েছে। ইতোমধ্যে হামলায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে।