বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে সম্প্রতি মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে জানতে চেয়েছে ঢাকা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম রাষ্ট্রদূতের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে বলেন, সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যম পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক কাজের’ দায়ে দুই বাংলাদেশির মৃত্যদণ্ড কার্যকর করার তথ্য প্রচার করে। তবে এর আগে বাংলাদেশকে কিছু জানানো হয়নি বলে দাবি করা হয়। এরপর এ ব্যাপারে জানতে ঢাকায় সৌদি দূতাবাসে যোগাযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র বলছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশির বিষয়ে জানতে রাষ্ট্রদূতের কাছে একটি কূটনৈতিকপত্র দেওয়া হয়েছে।