সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন যেন সুন্দর নির্বাচন হয়। আমরা এ নির্দেশনাকে স্বাগত জানাই।
বৃহস্পতিবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী ভোটে কোনও অনিয়ম দেখতে চান না উল্লেখ করে শাহনেওয়াজ বলেন, কোনও সন্ত্রাসী কর্মকাণ্ডে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না। কোনও নির্বাচনি কর্মকর্তা বা আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরাও অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।
শাহনেওয়াজ আরও বলেন, বাড়াবাড়ি না করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়েও সুস্পষ্ট অনুরোধ করা হয়েছে। আমরা তাদের বলেছি, তাদের নেতাকর্মীরা যেন বাড়াবাড়ি না করে। যেকোনও বিশৃঙ্খলায় মাঠকর্মীদের বিরুদ্ধে যেন দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হয়।
আরও পড়ুন:
নওগাঁয় দেড় হাজার বছরের প্রাচীন নিদর্শন আবিষ্কার
উত্তরোত্তর ভালো নির্বাচন হচ্ছে দাবি করে কমিশনার বলেন, আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে বৈঠক করেছি, আগের অভিজ্ঞতা নিয়ে তাদের সতর্ক থাকতে বলেছি। আশা করি দুই পর্বের চেয়ে এবার সুন্দর নির্বাচন হবে।
/ইএইচএস/এমও/আপ - এপিএইচ/








