মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে শেষ বারের মতো দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তারা কারাগারে প্রবেশ করেন। এ সময় তার পরিবারের দুই সদস্য ‘ভি’ চিহ্ন প্রদর্শন করেন।
মঙ্গলবার সন্ধ্যায় কারাগার থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে সন্ধ্যার পর দেখা করার কথা বলা হয়। সে অনুযায়ীই তারা দেখা করতে আসেন।
এর আগে ফাসির আগে এমন ভি চিহ্ন দেখিয়েছিলেন জামায়াত নেতা কামারুজ্জামান ও মুজাহিদের স্বজনরা।
স্বজনদের মধ্যে নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী, ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন, বড় ছেলের স্ত্রী, দুই নাতি, বড় মেয়ে মহসীনা ফাতেমা, নিজামীর চাচাতো ভাই, ভাইয়ের মেয়েসহ ৮ জন নিকটাত্মীয় রয়েছেন বলে জানা গেছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাওয়ায় ফাঁসি কার্যকর হতে পারে যেকোনও সময়।
বৃহস্পতিবার (৫ মে) রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজের পর কাশিমপুর কারাগারে তার পরিবারের সঙ্গে সাক্ষাতেও নিজামী প্রাণভিক্ষা না চাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন। তার পরিবারের বরাত দিয়ে আইনজীবী তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, তিনি (নিজামী) বলেছেন, জীবন-মৃত্যুর মালিক আল্লাহ। কারও কাছে তিনি প্রাণভিক্ষা চাইবেন না।
ছবি: নাসিরুল ইসলাম
জেইউ/ইউআই/এআরআর/সিএ/এজে







