সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত লাখ লাখ বাংলাদেশি উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জাতীয় সংসদে সোমবার এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১৩ সালে সৌদি আরব সাধারণ ক্ষমা ও ইকামা পরিবর্তনে সুযোগ দেওয়ায় বাংলাদেশের ৮ লাখ নাগরিক উপকৃত হয়েছেন। ওমান ও বাহরাইন সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় লক্ষাধিক বাংলাদেশি উপকৃত হয়েছেন।
সংসদ সদস্য নুরজাহান বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। মন্ত্রী আরও জানান, মালয়েশিয়া সরকার ঘোষিত Rehiring Program for Foreign Workers Without Permits (PATI) আওতায় সেখানে অবৈধভাবে অবস্থানরত প্রায় ৩ লাখ বাংলাদেশির বৈধতা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
এম এ মালেকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক আগে থেকেই রোহিঙ্গারা বাংলাদেশসহ বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে প্রবেশ করেছে। অতীতে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যেসব রোহিঙ্গা সৌদি আরব গিয়েছিল তাদের অধিকাংশই বর্তমানে বার্মিজ বা মিয়ানমারের নাগরিক হিসেবে সৌদি সরকারের দলিলভুক্ত হয়েছে। ফলে রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা বর্তমানে অনেক কমে গেছে।
তিনি আরও জানান, ওমরা ভিসায় সাম্প্রতিককালে যেসব রোহিঙ্গা বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়ে যেখানে অবৈধভাবে অবস্থান করছেন তাদের প্রত্যাবাসন বিষয়ে যে জটিলতা রয়েছে তা নিরসনে বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে কোনও ব্যক্তি দূতাবাসে পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্ট গ্রহণের আবেদনকালে রোহিঙ্গা প্রমাণিত হলে তার পাসপোর্ট বাজেয়াপ্তসহ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
আরও পড়ুন-
‘পুলিশকে দুর্বল করে সরকারকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে সন্ত্রাসীরা’
ছাত্রদলের কাঁধে ছাত্রলীগের ভর!
/ইএইচএস/এফএস/







