শিষ্টাচার বহির্ভূত কাজ করার দায়ে অভিযুক্ত উত্তর কোরিয়ার কূটনীতিক সোমবার সকালে ঢাকা ত্যাগ করেছেন।
সরকারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা গত মাসে কমলাপুরের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে তল্লাশি চালায়। এ সময় একটি কন্টেইনারে ৩ কোটি টাকার বেশি মূল্যের সিগারেট ও বৈদ্যুতিক সরঞ্জামাদির সন্ধান পায়। ওই কন্টেইনারটি উত্তর কোরিয়ার প্রথম সচিবের নামে আমদানি করা হয়েছিল।
জাতীয় রাজস্ব বোর্ড বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানালে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে তলব করে ওই কর্মকর্তাকে দেশ ত্যাগের জন্য বলা হয়।
গত কয়েক বছরে উত্তর কোরিয়ার কূটনীতিকের দেশ ত্যাগ করতে বলার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ২০১৪ সালে স্বর্ণ চোরাচালানের অভিযোগে একজন উত্তর কোরিয়ার কূটনীতিককে দেশ ত্যাগ করতে বলা হয়।
/এসএসজেড/এমএনএইচ/








