আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই নতুন নির্বাচন কমিশনের (ইসি) সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন দেশের কয়েকজন বিশিষ্ট নাগরিক। তারা বলছেন, সাধারণ মানুষের মনে আশঙ্কা ঢুকে গেছে, তারা নিজের ভোট নিজে দিতে পারবেন কিনা।জনগণের আস্থা অর্জনই নতুন ইসির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত 'নতুন নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ' শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
বৈঠকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেন, ‘কমিশনের ওপর জনগণের হারানো আস্থা আস্তে আস্তে ফিরিয়ে আনতে হবে। নির্বাচন কমিশনের সব কর্মকর্তার ব্যবহারে সবাই যেন সন্তুষ্ট থাকে। তারা কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না, এ বিষয়ে সবাই যেন তাদের ওপর আস্থা রাখতে পারে।’
সুজনের নির্বাহী সদস্য আলী ইমাম মজুমদার বলেন, ‘স্টেক হোল্ডারদের অভিমত নিয়ে ই-ভোটিংয়ের ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে বর্তমান কমিশনকে। ছোট ছোট নির্বাচন করে তারা প্রমাণ করবেন যে, তারা সৎ, দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক। যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রতি মানুষের আস্থা থাকে।’
সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) সাখাওয়াত হোসেন বলেন, ‘জনগণের আস্থা অর্জনই নতুন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। কারণ মানুষের মনে আশঙ্কা রয়েছে যে, তারা নিজের ভোট নিজে দিতে পারবেন কিনা। এছাড়া আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করাটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বাসযোগ্য নির্বাচন, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে কোড অব কন্ডাক্ট সংশোধন করা যায় কিনা, এটাও কমিশনকে ভাবতে হবে।’
সাবেক বিচারপতি আব্দুল মতিন বলেন, ‘নির্বাচনে জনগণের অভিমতের প্রতিফলন যেন ঘটে, কমিশনকে সেই ব্যবস্থা করতে হবে। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সব ধরনের ক্ষমতা কমিশনকে দেওয়া আছে। এখন কমিশন সেগুলো তারা ব্যবহার করবেন কিনা, সেটা তাদের বিষয়।’
সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘নতুন নির্বাচন কমিশনের সামনে বিরাট চ্যালেঞ্জ। আগামী সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব।’ তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশনের সামনে দু'টি বিকল্প পথ আছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে প্রশংসিত হওয়া, দ্বিতীয়টি হলো একটি অগ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ইতিহাসে নিন্দনীয় হওয়া। একুশ শতকে বাঙালি জাতি নিন্দনীয় হওয়াও অপছন্দ করে না। নতুন কমিশন কেবল দায়িত্ব নিয়েছে। কাজেই এখনই তাদের নিয়ে কিছু বলা ঠিক হবে না।’
সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালের শিক্ষক আসিফ নজরুল,সুজনের সমন্বয়ক দিলীপ কুমার সরকার প্রমুখ।
/আরএআর/এমএনএইচ/







