রাজধানীর আশকোনায় র্যাবের নির্মাণাধীন সদর দফতরে নিহত আত্মঘাতী হামলাকারীর মৃতদেহের কাছ থেকে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারী কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য তা এখনও জানা যায়নি। তবে সে যে কোনও জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল তা সন্দেহ করছে র্যাব।
হামলার পর গোয়েন্দা কর্মকর্তারা বাংলা ট্রিবিউনকে বলেন, দুই র্যাব সদস্য আত্মঘাতী হামলাকারী জঙ্গিকে চ্যালেঞ্জ করার পর জঙ্গি পেছনে ঘুরে সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটায়। এসময় চ্যালেঞ্জ করা র্যাবের দুই সদস্যের ৪-৫ ফুট দূরত্বে ছিলেন।
তারা জানায়, জঙ্গির ছিন্নভিন্ন লাশের পাশেই একটি কালো ট্রাভেল ব্যাগ পরে থাকতে দেখা যায়। তবে এই কালো ব্যাগে কী আছে তা এখনই জানা সম্ভব হচ্ছে না। হামলাকারীর মাথায় ক্যাপ পরা ছিল।
এর আগে র্যাবের মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, লিফলেট বা সে ধরনের কিছু পাওয়া যায়নি। যেহেতু আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে সেহেতু তার কাছে আরও কোনও বিস্ফোরক থাকার সন্দেহ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি পরীক্ষা করে দেখছে।
শুক্রবার বেলা ১টার দিকে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের ভেতরে অবস্থিত র্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। এতে আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম বলেছেন, ‘জুমার নামাজের আগে ২৫-৩০ বছর বয়সী এক যুবক ক্যাম্পের সামনে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।’
/এনএল/এআরআর/সিএ/ইউআই/এসটি/








