মিয়ানমারে নাফ নদীর তীরবর্তী এলাকায় নতুন করে আরও পাঁচটি গ্রামে রোহিঙ্গাদের ঘরবাড়িতে আগুন দিয়েছে দেশটির সেনাবাহিনী। রবিবার দিবাগত রাত থেকে হাজার হাজার রোহিঙ্গা নাফনদী পাড়ি দিয়ে শাহপরী দ্বীপে প্রবেশ করছে। সোমবার সকালে এ আগুন দেওয়া হয়। এরপর হাজার হাজার রোহিঙ্গাকে নৌকায় করে বাংলাদেশে পালিয়ে আসতে দেখা যায়।
নাফ নদীর জেটি থেকে দেখা যায়, আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে গেছে মিয়ানমারে নাফ নদীর তীরবর্তী এলাকার আকাশ। রোহিঙ্গারা নাফ নদীর তীরে এসে নৌকায় উঠছেন।
আশ্রয় প্রত্যাশী রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঘগুনিয়া, গর্জনদিয়া, খুইন্যাপাড়া, সায়ড়াপাড়া, মাঝেরডিগি ও মংডুর পাহাড় অঞ্চলের সব গ্রামে আগুন দেওয়া হয়েছে।
মিয়ানমারের রাজারবিল এলাকার বাসিন্দা মো. নজির বাংলাদেশ সীমান্তে প্রবেশকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিয়ানমারের সেনাবাহিনী সকালে আমাদের এলাকার বাড়ি ঘরে আগুন দিয়েছে। এ সময় জীবন বাঁচাতে পরিবার সদস্যদের নিয়ে এপারে (বাংলাদেশে) চলে এসেছি।’
উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের আরকান রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্যসহ বহু রোহিঙ্গা হতাহত হয়। এ ঘটনায় রাখাইন রাজ্যে অভিযানের নামে সাধারণ মানুষের ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন অব্যাহত রেখেছেন মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এ কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের তথ্য মতে, এ পর্যন্ত তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের কথা বলা হলেও স্থানীয় সূত্রগুলোর ধারণা এই সংখ্যা আরও বেশি। এর আগে গত বছরের ৯ অক্টোবরের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে একইভাবে হামলার ঘটনা ঘটে। ওই সময় প্রাণ ভয়ে পালিয়ে আসে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা।







