উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে দ্বিধা কাজ করে। বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর র্যাংকিং এ ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। শুধু তাই নয়, এই র্যাংকিং থেকে বিশ্ববিদ্যালয়গুলোও তাদের মান উন্নয়নে পদক্ষেপ নেবে।
‘প্রাইভেট ইউনিভার্সিটি র্যাংকিং ’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিওতে শুরু হয়েছে এই বৈঠকি।
বৈঠকিতে জুলফিকার রাসেল বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং করা হয়। কিন্তু বাংলাদেশে এমন কোনও র্যাংকিং কখনও কেউ করেনি। বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনই প্রথম এই উদ্যোগ নিয়েছে।’
র্যাংকিং কেন করা হয়েছে, সে প্রসঙ্গে বাংলা ট্রিবিউন সম্পাদক বলেন, ‘মূলত র্যাংকিং করা হয় বিশ্ববিদ্যালয়কে নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মনোভাব বোঝানোর জন্য। অনেক অভিভাবক ও শিক্ষার্থী বুঝতে পারেন না কোন বিশ্ববিদ্যালয়টি ভালো। সামর্থ্য অনুযায়ী একজন শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, সে সিদ্ধান্ত তারা নিতে পারেন না। একটি র্যাংকিংয়ের মাধ্যমে কোন বিশ্ববিদ্যালয়ের অবস্থান কোথায়, সেটা জানা গেলে ভর্তির সময় শিক্ষার্থী ও অভিভাবকরা সহজে সিদ্ধান্ত নিতে পারেন। আবার বিশ্ববিদ্যালয়গুলোও নিজেদের মান উন্নয়নে সিদ্ধান্ত নিতে পারে এ ধরনের র্যাংকিং থেকে।’
জুলফিকার রাসেল আরও বলেন, ‘গবেষণাটি করতে গিয়ে অনেক সময় লেগেছে, এটা ঠিক। কারণ এই উদ্যোগটি এবারই প্রথম। এই গবেষণার জন্য একটি উপদেষ্টা কমিটি ছিল। কমিটি সূচকগুলো নির্ধারণ করে দিয়েছে। সূচকগুলো নিয়ে পরে দু’টি মেথডের মাধ্যমে গবেষণাটি পরিচালিত হয়েছে ওআরজি কোয়েস্টের মাধ্যমে। তবে এই উদ্যোগটি প্রথম বলে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। আশা করি, আমরা আগামীতে আরও সুন্দরভাবে কাজটি করতে পারবো।’
বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য ড. আব্দুর রব, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ও ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট বেনজির আহমেদ, ওআরজি কোয়েস্ট রিসার্চের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকএম মঞ্জুরুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের হোমপেজ ও ফেসবুক পেজেও সরাসরি দেখানো হচ্ছে বৈঠকি।
আরও পড়ুন-
‘প্রাইভেট ইউনিভার্সিটি র্যাংকিং’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু








