শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সেবাদান কার্যক্রম শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি বলেন, ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রতিষ্ঠার সঙ্গে সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং সন্ত্রাসের প্রতি প্রতিবাদ জড়িত। বাংলাদেশে যখন পেট্রোলবোমা দিয়ে মানুষকে ঝলসে দেওয়া হচ্ছিলো, তখন আমাদের বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক এবং নার্সরা সেবা দিয়ে অনেকের জীবন রক্ষা করেছেন। বিএনপি-জামায়াত জোটের তাণ্ডব, তাদের অগ্নিসন্ত্রাসের একটি জ্বলন্ত প্রতিবাদ হয়ে এই ইনস্টিটিউট আগামী দিনগুলোতে দাঁড়িয়ে থাকবে। মানুষকে ঝলসে দেওয়ার ইতিহাস বহন করে যাবে।’
বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ১৮ তলা এই বিশেষায়িত ইনস্টিটিউটের কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী। তিনি ইনস্টিটিউটের লবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরালে পুষ্পস্তবক দেওয়ার মাধ্যমে হাসপাতালের সেবা কার্যক্রম উদ্বোধন করেন। এরপর হাসপাতালের সেবা কার্যক্রম ও বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল কালাম, জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরুদ্দিন আহমেদ প্রমুখ।








