চুয়াডাঙ্গার জীবননগরে পেটে জোড়া নিয়ে জন্মগ্রহণ করা দুই শিশু হাসি-খুশি আর নেই। মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে, গত অক্টোবরের ১৯ তারিখে জীবননগরের একটি ক্লিনিকে পেটে জোড়া নিয়ে জন্মগ্রহণ করে এই দুই বোন। জন্মের পরপরই জোড়া লাগা এই দুই শিশুর নাম রাখা হয়েছিলো হাসি ও খুশি। তাদের পিতা গয়েশপুর গ্রামের মুকুল হোসেন আর মা সীমা খাতুন। জন্মের পরদিনই (২০ অক্টোবর) বিকাল ৪টায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে তাদের ভর্তি করা হয়।
পরে শিশু সার্জারি বিভাগে অবস্থার অবনতি হওয়ায় তাদের ২১১ নম্বর ওয়ার্ডের নবজাতক ইউনিটে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় তাদের মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
/এআইবি/এমও/








