নারী শ্রমিকদের সমতা ও মর্যাদা দেওয়া দাবি জানিয়েছে নারী শ্রমিক কণ্ঠ। সোমবার ঢাকা রিপোর্টার ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
বক্তারা বলেন, বাংলাদেশের নারী আন্দোলন নারীর সমমর্যদা ও সমধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে কাজ করে যাচ্ছে এবং এখনও নারী আন্দোলন তার সক্রিয় অবস্থান থেকে নারীর ক্ষমতায়নের পাশাপাশি নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সংগ্রাম করছে।
তারা বলেন, ‘দেশের শ্রমশক্তির একটি বিশাল অংশ জুড়ে যে শ্রমজীবী নারীরা আছে তারা আমাদের অর্থনীতির উন্নয়নের বুনিয়াদীঅ আবার তারা সমাজ পরিবর্তনের অংশীদারও। দুঃখের কথা তাদের পরিচর্যা এবং সুযোগ-সুবিধাতে বরাবরই উপেক্ষিত থাকছেন।’
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘নারী শ্রমিক কণ্ঠের অঙ্গীকার: চাই সমতা ও মর্যদার অধিকার' এই দাবিকে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নারীশ্রমিক কণ্ঠ। আগামী ২৩ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ নারী শ্রমিক সম্মেলন করতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি লীমা ফেরদৌস, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শামিম আরা, জাতীয় নারী শ্রমিম জোটের সভাপতি উম্মে হাসান ঝলমল প্রমুখ।
/আরএআর/এসটি/








