রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি।
মঙ্গলবার রাতে মিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গ্রেফতার হওয়া ব্যক্তিরা নাশকতার পরিকল্পনা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।’
বুধবার বেলা ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো- মো. রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রাকিব, মো. আবু বিন সাঈম ওরফে বাপ্পী ওরফে অপু, কাজী আব্দুল্লাহ আল ওসমান ওরফে আহসান, মো. সোহাগ ওরফে চেয়ারম্যান এবং মো. মামুন ওরফে হিমেল। তাদের সবাইকে দারুস সালাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসম তাদের কাছ থেকে ৩০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। এদের মধ্যে নেতা রিয়াজ।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, থার্টি ফার্স্ট নাইটে তাদের নাশকতা চালানোর পরিকল্পনা ছিলো।’
/এআরআর/এসএনএইচ/








