বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচিত ভাষণের সংকলন প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য। শ্রুতলিপিভিত্তিক ঢাউস আকারের এই বইটির নাম রাখা হয়েছে ‘ওঙ্কারসমগ্র’।
রবিবার প্রকাশনা সংস্থা ঐতিহ্য’র প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বইটি শ্রুতলিখন ও সম্পাদনা করেছেন তরুণ কথাসাহিত্যিক নির্ঝর নৈঃশব্দ্য। শ্রুতিলিপিটির বানান বঙ্গবন্ধুর মুখের উচ্চারণ অনুযায়ী রাখার চেষ্টা করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি ১৯৭১ থেকে ৮ মার্চ ১৯৭৫ পর্যন্ত বঙ্গবন্ধুর প্রদানকরা ভাষণগুলো স্থান পেয়েছে এই বইতে। বঙ্গবন্ধুর ভাষণের শ্রুতলিপি বই আকারে এটিই প্রথম বলে দাবি করা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
৩৫০ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৭শ’৫০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি ঐতিহ্যের বাংলাবাজার ও কাটাবন বিক্রয় কেন্দ্র ছাড়াও অভিজাত বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারি ডট কম ও ঐতিহ্য এর ফেসবুক পেজ এর মাধ্যমে ঘরে বসেও পাঠকরা বইটি সংগ্রহ করতে পারবের বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
/টিএন/








