প্রতিদিন দুই চামচের বেশি তেল ও ঘি খাওয়া চলবে না, লাল মাংস পরিহার করতে হবে। সব ধরনের রান্নার তেল একই। বিশেষ কোনও তেল ব্যবহার করলে হার্ট ডিজিজ কম হবে, এমন নয়। তাই হার্টকে সুস্থ রাখতে হলে রান্নায় তেল ব্যবহার করা যাবে না। রবিবার (২৩ জুলাই) ঢাকা ক্লাবে ইউরোলজি, অঙ্কোলজি, কার্ডিওথোরাসিক ও ভাসক্যুলার সার্জারি নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এক সেমিনারে ইন্ডিয়া অ্যাপোলোর ভাসক্যুলার সার্জারির সিনিয়র কনসালটেন্ট ড. মুকেশ গোয়েল এসব তথ্য জানিয়েছেন।
ভারতে চিকিৎসা সেবা দানকারী কেয়ারিং ইন্ডিয়া ও দিল্লির ইন্দ্রো-প্রস্থ অ্যাপোলো হাসপাতালের আয়োজিত সেমিনারে ড. মুকেশ গোয়েল ছাড়াও বক্তব্য রাখেন- ইন্দ্রো-প্রস্থ অ্যাপোলো হাসপাতালের ইউরোলজির সিনিয়র কনসালটেন্ট ড. সুভ্রা মানিয়ান, সার্জিক্যাল অঙ্কোলজির সিনিয়র কনসালটেন্ট ড. ফিরোজ পাশা।
সেমিনারে ড. মুকেশ গোয়েল বলেন, ‘প্রতিদিন ৪০ মিনিট ব্যায়াম করতে হবে। বিশেষ করে, যোগ ব্যায়াম ও ধ্যান করার মাধ্যমে রক্তচাপ ও মানসিক চাপ কমিয়ে রাখার চেষ্টা করতে হবে। ধূমপান ত্যাগ করতে হবে ও ডায়েট করতে হবে।’
সেমিনারে ক্যান্সারের নানা কারণ নিয়ে কথা বলেন ড. ফিরোজ পাশা। কেয়ারিং ইন্ডিয়া বাংলাদেশের পক্ষ থেকে শাহানুল হাসান খান জানান, গত এক বছরে মেডিক্যাল টুরিজমের আওতায় পাঁচ হাজারের বেশি বাংলাদেশি রোগীকে ভারতের বিভিন্ন হাসপাতালে সেবা দেওয়া হয়েছে।
/জেএ/এমএ/








