হাসপাতালে থেকেও বিশ্বজিতের ময়নাতদন্তকারী চিকিৎসক বললেন, আমি ছুটিতে!

জাকিয়া আহমেদ
০৭ আগস্ট ২০১৭, ১৮:০০আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৮:৪৫

বিশ্বজিৎ হত্যাকাণ্ড

বিশ্বজিতের ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. মো. মাকসুদ সোমবার (৭ আগস্ট)তার কর্মস্থল মিটফোর্ড হাসপাতালেই ছিলেন। পরীক্ষাও নিয়েছেন। তার বিভাগীয় প্রধান ডা. বেলায়েত হোসেন খান এমনটিই দাবি করেছেন। কিন্তু  ডা. মাকসুদ হাসপাতালে থেকেও মিথ্যার আশ্রয় নেন। ফোনে জানান, তিনি হাসপাতালে নেই। বাইরে গেছেন। অথচ তিনি নিজেই এ প্রতিবেদককে বলেছিলেন, বিশ্বজিতের ময়নাতদন্ত বিষয়ে সামনাসামনি কথা বলবেন। সেজন্যই হাসপাতালে যেতে বলেছিলেন তিনি ।

বিশ্বজিতের ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. মো. মাকসুদ  মিটফোর্ড হাসপাতালের ফরেনসিক মেডিসিনের সহকারী অধ্যাপক। বিশ্বজিৎ হত্যা মামলার রায়ে ময়নাতদন্ত বিষয়ে প্রশ্ন উঠলে এই চিকিৎসকের বক্তব্য জানতে তাকে ফোন করা হয়। রবিবার (৬ আগস্ট) তিনি বলেছিলেন, ‘ফোনে কথা বলবো না। আগামীকাল (সোমবার) অফিসে আসেন, কথা হবে।’ এরপর থেকেই তার ফোন বন্ধ ছিল।

আজ মিটফোর্ড হাসপাতালে গিয়ে ডা. মাকসুদকে ফোন করলে তিনি জবাব দেন, ‘আমি হাসপাতাল থেকে বের হয়ে গিয়েছি। ঢাকার বাইরে চলে যাচ্ছি। নবাবগঞ্জের পথে আছি।’ তিন দিনের ছুটিতে গ্রামের বাড়ি দোহারে যাচ্ছেন বলেও জানান তিনি। তবে হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান জানালেন, ‘ডা. মাকসুদ হাসপাতালেই আছেন। তার ছুটির বিষয়ে আমার জানা নেই।’

প্রসঙ্গত, ২০১২ সালের ৯ ডিসেম্বর ছাত্রলীগের কিছু নেতাকর্মী পুরনো ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে  বিশ্বজিৎ দাসকে। বিভিন্ন বেসরকারি টেলিভিশনের চ্যানেলে এই হত্যাকাণ্ডের যে ফুটেজ দেখানো হয়, তার সঙ্গে এই হত্যা মামলায় আদালতে দায়ের করা বিশ্বজিতের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন একেবারেই বেমানান। মামলার পর্যবেক্ষণে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থানার এসআই ও হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন আদালত।

বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা ভিডিও চিত্রে বিশ্বজিতের ওপর  নৃশংস হামলার দৃশ্য দেখা গেলেও মিডফোর্ড হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা বিশ্বজিতের মরদেহে  রড-লাঠি-ধারালো অস্ত্রের কোনও আঘাত খুঁজে পাননি। ধরা পড়েনি কিল-ঘুষি ও লাথির জখমও।
সোমবার মিটফোর্ড  হাসপাতালে ডা. মাকসুদের কক্ষটি খোলা থাকলেও তার দাবি তিনি ছুটিতে আছেন

ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. মাকসুদ  বিশ্বজিতের শরীরে ধারালো অস্ত্রের মাত্র একটি আঘাতের কথা উল্লেখ করেছেন (রিপোর্ট নম্বর- ৪৬৭/১৫ ডিসেম্বর/২০১২)। ময়নাতদন্তের প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, ‘পিঠের ডান পাশে তিন ইঞ্চি দৈর্ঘ ও দেড় ইঞ্চি প্রস্থের একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বাম পা থেঁতলে গেছে। মৃত্যুর কারণ অতিরিক্ত রক্তক্ষরণ।’ এর বাইরে আর কোনও তথ্য উল্লেখ করা হয়নি।
ডা.মাকসুদের কাছ থেকে বিষয়টি জানতেই  রবিবার তাকে ফোন করা এবং তার দেওয়া কথা মতো আজ মিটফোর্ড হাসপাতালে যাওয়া। কিন্তু সেখানে যাওয়ার পর ডা. মাকসুদ ফোনে জানালেন, তিনি হাসপাতালে নেই। গ্রামের বাড়িতে যাচ্ছেন।

তবে ছুটিতে গেলে নিয়ম অনুযায়ী বিভাগীয় প্রধানের তা জানার কথা।বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. বেলায়েত হোসেন খানের সঙ্গে যোগাযোগ করলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘ডা. মাকসুদ আজ (সোমবার) পরীক্ষা নিয়েছেন। তিনি কলেজের ভেতরেই আছেন কোথাও।’

তাহলে কি তিনি ছুটি নেননি প্রশ্নে ডা. মো. বেলায়েত প্রচণ্ড ক্ষুব্ধ কণ্ঠে বলেন,‘আমি কি আপনাকে বলেছি উনি ছুটিতে আছেন? আমি তো আপানাকে বললাম তিনি কলেজের ভেতরেই কোথাও রয়েছেন। আপনি কেন বারবার একই প্রশ্ন করছেন।’

বিভাগের কেউ ছুটিতে থাকলে বিভাগীয় প্রধান হিসেবে আপনার তা জানার কথা- উচ্চারণ করা মাত্র তিনি আরও ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আমি তো বলছি উনি কলেজের ভেতরেই আছেন। আর ছুটির বিষয়টি আমার জানা নেই।’

এদিকে, ময়নাতদন্তে কোনও অসদাচরণ হয়েছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই চিকিৎসক (ড. মাকসুদ রহমান) তার পেশাগত আচরণ থেকে সরে গিয়ে দায়িত্বে অবহেলা করেছেন কিনা সে বিষয়ে দেখতে চিকিৎসকদের পেশাগত সংগঠন বিএমডিসি (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) ও স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দিয়েছেন আদালত।

/এপিএইচ/



 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান