জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে আদেশের জন্য আগামী ১৭ আগস্ট বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ চতুর্থ দিনের শুনানি শেষে আদেশের জন্য ১৭ আগস্ট দিন ধার্য করেন।
আদালতে খালেদার পক্ষে আইনজীবী ছিলেন এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন । দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। এর আগে গত ৭,৮ ও ৯ আগস্ট খালেদার আবেদনের ওপর শুনানি হয়।
গত ৬ আগস্ট জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবেদন করেন। ঢাকা বিশেষ জজ আদালত ৫ -এ বর্তমানে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারকাজ চলছে। এর আগেও খালেদা জিয়ার আবেদনে এই মামলায় আদালত পরিবর্তন করে দেন হাইকোর্ট।
জিয়া অরফানেজ মামলার অভিযোগে বলা হয়েছে, ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা এসেছে সৌদি আরব থেকে। প্রকৃতপক্ষে এই অর্থ কুয়েতের আমির অরফানেজ ট্রাস্টের জন্য দিয়েছেন। সেই টাকা লাভসহ (প্রায় পৌনে ৬ কোটি টাকা) এখনও ট্রাস্ট ফান্ডে জমা রয়েছে।
মামলার বিবরণীতে জানা যায়, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
খালেদা ছাড়াও এ মামলার অপর আসামিরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান।
/এমটি/ এপিএইচ/
আরও পড়ুন:
আইন কমিশনের চেয়ারম্যান অন্যায়ের পক্ষে সাফাই গেয়েছেন: ফখরুল







