বাংলাদেশ ও আঞ্চলিক প্রেক্ষাপটে জঙ্গিবাদের অবস্থান তুলে ধরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পুলিশ সদর দফতরের ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. মনিরুজ্জামান। মঙ্গলবার (৩ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড কাউন্টারিং ভায়োলেন্স নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।
পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সহেলী ফেরদৌসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, বাংলাদেশ পুলিশের প্রতিনিধি হিসেবে এআইজি মো. মনিরুজ্জামান কর্মশালায় বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশ ও আঞ্চলিক প্রেক্ষাপটে জঙ্গিবাদের অবস্থান তুলে ধরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আঞ্চলিক প্ল্যাটফর্ম গড়ে তোলা ছাড়াও আরও কিছু প্রস্তাবনা দেন।
মালেয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ কর্মশালায় বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ইন্টারপোলের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
এর আগে, গত ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ইন্টারপোলের ৮৬তম সাধারণ সভায় আলোচিত কাউন্টার টেররিজম পলিসি বাস্তবায়ন নিয়ে কর্মশালায় অংশ নেওয়া দেশগুলোর প্রতিনিধিরা আলোচনা করেন।








