জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারক রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী ২০১ জন আইনজীবী। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ অভিযোগ করেন।
রায় প্রত্যাখ্যান করে বিবৃতিতে আইনজীবীরা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাজা দেওয়ায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি, খালেদা জিয়া এই মামলায় ন্যায়বিচার পাননি। রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিচারক এ রায় দিয়েছেন। যে অভিযোগে খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার সঙ্গে খালেদা জিয়ার কোনও সংশ্লিষ্টতাই নেই। এই ব্যাপারটা বিচারের বিভিন্ন পর্যায়ে জনগণের কাছে সুস্পষ্ট হয়েছে।
খালেদা জিয়াকে এদেশের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র চলছে বলে দাবি করে ওই বিবৃতি আরও বলা হয়, ‘আমরা ধারণা করছি, বিএনপির চেয়ারপারসনকে এদেশের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টার অংশ হিসেবে এ বানোয়াট, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। আমরা আশা করি, খালেদা জিয়া উচ্চ আদালতে ন্যায়বিচার পাবেন এবং নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পাবেন। দেশের জনগণের মাঝে তিনি শিগগিরই ফিরবেন।’
এ রায় দেশের বড় দুইটি রাজনৈতিক দলের মধ্যে দুরুত্ব আরও বাড়াবে –এ আশঙ্কা প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, ‘এ রায়ের ফলে আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক পরিবেশ তৈরির পরিস্থিতিও নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসনের প্রতি জনগণের আস্থা অনিশ্চয়তার দিকে ধাবিত হয়েছে।’
বিবৃতিদানকারী আইনজীবীরা হলেন– সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সমিতির সাবেক সম্পাদক সাইদুর রহমান, গিয়াস উদ্দিন আহমেদ, সমিতির জ্যেষ্ঠ সদস্য গোলাম আরশাদ, সাবেক সহ-সভাপতি ড. রফিকুল ইসলাম মেহেদি, তৈমুর আলম খন্দকার, এ বি এম ওয়ালিউর রহমান খান, ফাহিমা নাসরিন, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, জামিল আখতার এলাহি, মোহাম্মদ আলী, এ এইচ এম কামরুজ্জামান মামুন, গাজী কামরুল ইসলাম, মো. আব্দুল্লাহ আল মাহবুব, এ এন এম আবেদ রাজা, মির্জা আল মাহমুদ, এবিএম রফিকুল হক তালুকদার, মাজেদুল ইসলাম পাটোয়ারী, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, ব্যারিস্টার মীর হেলাল, ব্যারিস্টার সাইফুর রহমান, ব্যারিস্টার সাকিব মাহবুব, মো. সগীর হোসেন লিওন, ব্যারিস্টার এম মাহবুবুর রহমান খান, মো. আনিসুর রহমান রায়হান, শেখ তাহসীন আলী, কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন, শরীফ ইউ আহমেদ, গাজী তৌহিদুল ইসলামসহ সুপ্রিম কোর্টের ২০১ আইনজীবী।








