নিহত পুলিশ সদস্যদের পরিবারের উদ্দেশ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, 'আপনাদের প্রিয়জনকে ফিরিয়ে দিতে পারবো না, তবে এই পরিবারগুলোকে বিপদ থেকে উদ্ধার করতে সাধ্যমতো চেষ্টা করবো। যদি আপনাদের পরিবারে উপযুক্ত কেউ থাকে, তবে তাদের যোগ্যতা অনুযায়ী বাহিনীতে চাকরি দিতে অবশ্যই আমরা সহযোগিতা করবো।'
বৃহস্পতিবার (০১ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ অডিটোরিয়ামে ‘পুলিশ মেমোরিয়াল ডে -২০১৮' অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ অনুষ্ঠানে ২০১৭ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১৩০ পুলিশ সদস্যের পরিবারকে স্বীকৃতি ও সম্মাননা দেওয়া হয়।
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘গত বছর আমরা ১৩০ জন পুলিশ সদস্যকে হারিয়েছি, যারা কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাদের পরিবারের সদস্যরা আজ আমার সামনে বসে আছেন। আমরা আপনাদের প্রিয়জনকে ফিরিয়ে দিতে পারবো না, জানি। তবে সব সময় আপনাদের পাশে আমরা আছি, আপনাদের সহযোগিতায় আমরা সঙ্গে থাকবো।’
তিনি বলেন, ‘হয়তো সব চাহিদা মেটাতে পারবো না, তবে আমাদের সাধ্যমতো যা করণীয় অবশ্যই আমরা সেটুকু করবো।’
পুলিশের মহাপরিদর্শক বলেন, “গত বছর থেকে এই দিনটি আমরা ‘পুলিশ মেমোরিয়াল ডে’ হিসেবে পালন করে আসছি। সারাদেশের প্রতিটি জেলায় এই দিবসটি পালন করা হচ্ছে। আমাদের একজন সহকর্মী বলছিলেন, ‘এ ধরনের দিবস না পালন করতে হলে খুবই ভালো হতো।’ আমিও মনে করি এটা।”
‘তবে পৃথিবীতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশা হচ্ছে পুলিশিং। এই পেশায় যত মানুষ মারা যান, অন্য কোনও পেশায় এত মৃত্যু হয় না',যোগ করেন তিনি।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশ পুলিশের জন্মই হয়েছে দেশের স্বাধীনতা রক্ষা করার মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা পুলিশ বাহিনী ৪৫ বছর ধরে দেশের বিভিন্ন অপরাধ দমন ও দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে আসছে।’
দেশে জঙ্গি দমনে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘২০১৭ সালে ১৩০ জন মা তাদের সন্তানদের হারিয়েছেন, সম্ভবত ১৩০ জন নারী স্বামীহারা হয়েছেন, কয়েকশ’ সন্তান পিতৃহারা হয়েছে।’
বেনজীর আহমেদ বলেন, ‘আপনাদের প্রিয়জনদের ফিরিয়ে দিতে পারবো না, তবে আপনারা প্রত্যেকেই তাদের জন্য গর্ববোধ করতে পারেন।’ বাংলাদেশ পুলিশের সদস্যরা আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের জন্য কাজ করেন মন্তব্য করে তিনি বলেন, ‘প্রতিবছরই শহীদের মিছিল বাড়ছে, বড় হচ্ছে। আমি মনে করি, এর জন্য পুলিশের সুরক্ষার জন্য ভালো ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যদি কোনও দুর্ঘটনা হয়, তবে ওই সদস্যকে পোস্ট-হসপিটালিটি কতটা উন্নত ও আধুনিকভাবে করা যায়, সেটি করা দরকার।’
অনুষ্ঠানে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার সচিব মোস্তফা কামাল উদ্দিন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড প্লানিং ডিআইজি এ কে এম শহীদুর রহমান প্রমুখ।








