ফোর-জি সিম রিপ্লেসমেন্টের নামে অনৈতিক অর্থ আদায় বন্ধ ও ইন্টারনেটের মূল্য সমন্বয়ের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।’ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
সংগঠনের নেতারা বলেন, ‘বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে প্রযুক্তিবান্ধব ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ২০ ফেব্রুয়ারি চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা চালু করার জন্য ৪টি মুঠোফোন অপারেটরকে ফোর-জি লাইসেন্স প্রদান করে সরকার। কিন্তু থ্রি-জি নেটওয়ার্ক ও ইন্টারনেটের ধীরগতির ফলে গ্রাহকরা ফোর-জি’তে আগ্রহ হারিয়ে ফেলেছে।’
তারা অভিযোগ করে বলেন, ‘ফোর-জি নিয়ে গ্রাহকরা আগ্রহ হারালেও চতুর্থ প্রজন্মের সেবা পেতে পূর্বের টু-জি ও থ্রি-জি সিমগুলোকে পূর্বের নাম্বার বহাল রেখে রিপ্লেসমেন্ট করতে অপারেটররা ১১০ টাকা বা কোনও কোনও ক্ষেত্রে ১২০ টাকাও আদায় করছে। এটা সম্পূর্ণ অনৈতিক। সিমের ক্ষেত্রে রাজস্ব বিভাগ ১০০ টাকা ভ্যাট ধার্য করেছে। এছাড়া পূর্বের নাম্বার অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তনে ৩০ টাকা ভ্যাট নির্ধারণ করেছেন। অথচ ফোর-জি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে সামান্য প্রযুক্তির পরিবর্তনের একই নাম্বার একই অপারেটর থাকা পরও কী কারণে ১০০ টাকা ভ্যাট আদায় করা হবে তা আমাদের বোধগম্য নয়।’
আয়োজক সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
প্রসঙ্গত, এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ফোর-জি সিম রিপ্লেসমেন্টের ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহারের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। এরই ধারাবাহিকতায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।








