ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে আবারও অনশনে বসেছেন ওয়ালিদ আশরাফ। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের সান্ধ্যকালীন দশম ব্যাচের শিক্ষার্থী।
এর আগে ডাকসু নির্বাচনের দাবিতে অনশনরত অবস্থায় তিনি জানিয়েছিলেন, ১০ এপ্রিলের আগে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা না করলে আবারও অবস্থান কর্মসূচি ও অনশন করা হবে।
সরেজমিন দেখা যায়, ১ এপ্রিল রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে অবস্থান নিয়েছেন ওয়ালিদ আশরাফ। আগের মতো একটি সাইকেল আছে তার সঙ্গে। তিনি জানান, ডাকসু নির্বাচন আয়োজনের মাধ্যমে আদালতের রায়ের সম্মান রক্ষা ও বিভিন্ন নিপীড়ন হতে সাধারণ শিক্ষার্থীদের রক্ষার প্রত্যাশায় অনশনে বসেছেন।
ওয়ালিদ আশরাফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালতের আদেশ ভঙ্গ করেছে। ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণার আশ্বাস দিলেও প্রশাসনের গড়িমসি দেখে বোঝা যাচ্ছে, আগামীতেও নির্বাচন দেবে না। এজন্য লাগাতার অনশন করব।’
এদিকে, ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে ডাকসু নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের মার্চের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য ওয়ালিদ আশরাফ টানা ১৪ দিন অনশন করেছিলেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে নির্বাচনের আশ্বাস দিয়ে অনশন ভাঙান। এরপর দ্বিতীয় ধাপে ক্যাম্পেইন হিসেবে এ বছরের ৩ জানুয়ারি থেকে তিনি সাময়িক অবস্থান কর্মসূচি পালন করেন।








