ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এক প্রতিবন্ধী নারীকে (২৩) শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বপন (২৮) নামের এক যুবককে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন হাসপাতালের আনসার সদস্যরা।
বুধবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালের একটি টয়লেটে এ ঘটনা ঘটে। এদিকে, প্রতিবন্ধী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।
ঢামেক সূত্র জানায়, অভিযুক্ত স্বপন প্রতিবন্ধী ওই নারীকে হাসতাপাতালের টয়লেটে নিয়ে শারীরিক নির্যাতন চালায়। এতে ওই নারীর চিৎকারে লোকজন জড়ো হয়ে স্বপনকে ধরেন। পরে ঢামেক হাসপাতারের আনসার সদস্যরা অভিযুক্ত স্বপনকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ব্যাপারে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢামেক হাসপাতালের আনসার ক্যাম্পের সদস্যরা একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। ওই নারী হাসপাতালে ভর্তি আছেন। আগমীকাল (বৃহস্পতিবার) সকালে তার ডাক্তারি পরীক্ষা হবে। এর ওপর ভিত্তি করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’








