গাজীপুর সিটি নির্বাচন: বিএনপি ও আ.লীগ প্রার্থীর আপিল শুনানি বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৮, ১৮:৫২আপডেট : ০৮ মে ২০১৮, ১৯:০৮

আ.লীগের মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান সরকার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের স্থগিতাদেশের বিরুদ্ধে বিএনপি ও আওয়ামী লীগের দুই মেয়র পদপ্রার্থীর পৃথক দু’টি আপিল আবেদনের শুনানির জন্য বুধবার (৯ মে) দিন ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ শুনানি করবেন। শুনানির জন্য আপিল আবেদন দু’টি কার্যতালিকায় (কজ লিস্ট) রাখা হয়েছে।

মঙ্গলবার দুপুরে (৮ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গাজীপুর সিটি নির্বাচনের দুই মেয়র পদপ্রার্থীর আবেদন দু’টির শুনানির জন্য বুধবার দিন নির্ধারণের আদেশ দিয়েছেন।

এর আগে, ৬ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ছয়টি মৌজাকে গাজীপুর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা গেজেট এবং গাজীপুর সিটি নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব (সিটি করপোরেশন-২), ঢাকা জেলা প্রশাসক, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারী আইনজীবী বিএম ইলিয়াস জানান, ২০১৩ সালে সাভারের ছয়টি মৌজাকে (শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ বড়বাড়ী, ডোমনা, শিবরামপুর, পশ্চিম পানিশাইল, পানিশাইল ও ডোমনাগ) গাজীপুর সিটি করপোরেশনের অধীনে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। তখন বিষয়টি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপত্তি তোলেন এবিএম আজহারুল ইসলাম সুরুজ। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে আপত্তি নিষ্পত্তি না করায় তিনি হাইকোর্টে রিট করেন। সেই রিটের পরিপ্রেক্ষিতে আদালত সুরুজের আবেদনটি নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিষয়টি নিষ্পত্তি না করেই ২০১৬ সালে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে এ ছয়টি মৌজা শিমুলিয়ার মধ্যেই ছিল। পরে সে নির্বাচনে আজহারুল ইসলাম সুরুজ চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু পরবর্তীতে এ বছরের ৪ মার্চ ওইসব মৌজাকে সিটি করপোরেশনের মধ্যে অন্তর্ভুক্ত করে ফের প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে প্রজ্ঞাপন অনুযায়ী গত ৩ এপ্রিল গাজীপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপরে ওইসব মৌজা গাজীপুর সিটির অন্তর্ভুক্ত হলেও স্থানীয়দের ভোটাধিকার নির্ধারণ না করা, ২০১৩ সালের ছয়টি মৌজা অন্তর্ভুক্তির গেজেট এবং এ বছরের ৪ মার্চের গাজীপুর সিটি নির্বাচনের গেজেট ও তফসিল ঘোষণাকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে ৬ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনতিন মাসের জন্য স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এরপর গত ৭ মে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার এবং মঙ্গলবার (৮ মে) একই বিষয়ে আপিল আবেদন করেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। এ নির্বাচনকে ঘিরে প্রচারণা চালাচ্ছিলেন প্রার্থীরা।

 

 

/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম