হুমকি পাওয়ার কথা আগেই জানিয়েছিলেন শাহজাহান বাচ্চু

রাফসান জানি
১২ জুন ২০১৮, ২০:০৯আপডেট : ১৩ জুন ২০১৮, ০৯:২০

লেখক-প্রকাশক শাহজাহান বাচ্চু কয়েকবছর আগে দেশে ব্লগার ও ভিন্ন ধর্মাবলম্বী হত্যাকাণ্ড শুরুর পর হুমকি পাওয়ার কথা পরিচিতজনদের জানিয়েছিলেন লেখক-প্রকাশক শাহজাহান বাচ্চু। রাজধানীর বাংলাবাজারে থাকা তার পরিচিতজনরা বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন। বাংলাবাজারে শাহজাহান বাচ্চুর প্রকাশনা প্রতিষ্ঠান বিশাকা প্রকাশনীর অফিস রয়েছে। তবে অফিসটি গত ৮ বছর ধরে বন্ধ। এটি ভাড়া দেওয়া রয়েছে একটি ট্রান্সপোর্ট কোম্পানির কাছে।

অফিসটিতে এভাবেই পড়ে রয়েছে প্রকাশনীর কিছু বই সোমবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শাহজাহান বাচ্চু। এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করায় ঢাকায় খুব কম আসতেন তিনি।

মঙ্গলবার (১২ জুন) বাংলাবাজারে গিয়ে দেখা গেছে, ‘বিশাকা প্রকাশনী’ নামে কোনও প্রতিষ্ঠান সেখানে এখন আর নেই। তবে ইস্পাহানি ভবনের নিচতলায় আট বছর আগে শাহজাহান বাচ্চু এই প্রকাশনীটি পরিচালনা করতেন। বর্তমানে অফিসটি ভাড়া দেওয়া হয়েছে ‘হাজী মান্নান ট্রান্সপোর্ট’ নামের একটি প্রতিষ্ঠানের কাছে।

সেই অফিসে এখনও রয়ে গেছে বিশাকা প্রকাশনীর কিছু বই ইস্পাহানি ভবনে থাকা ওই দোকানটির ভাড়া আদায় করেন বাচ্চুর স্ত্রী। তিনি ঢাকায় থাকেন। তিনি ভাড়া নিতে বা দোকানে কোনও সমস্যা হলে সেখানে যান। বর্তমানে ভাড়ায় থাকা প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. হাফিজুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাড়া নেন ওনার স্ত্রী। বাচ্চু সাহেবকে আমি গত কয়েকবছরে আসতে দেখিনি। কয়েকদিন আগেও ওনার স্ত্রী এসেছিলেন। দোকানের শাটার ঠিক করার জন্য।’

প্রকাশনীর কাজে ব্যবহৃত দোকানটি ২০১০ সালে ওই পরিবহন প্রতিষ্ঠানের ভাড়া দেওয়া হয় বলে জানান হাফিজুল্লাহ। দোকাটি ঘুরে দেখা গেছে, প্রায় অনেকখানি জায়গা ফাঁকা। রাতে এনে জিনিসপত্র রাখা হয়। বাকি সময় ফাঁকাই থাকে। এছাড়া, একটি সেলফে রয়েছে বিশাকা প্রকাশনীর কিছু বই।

বাংলাবাজার এলাকায় শাহজাহান বাচ্চুকে এখন আর অনেকেই চেনেন না। এখনকার ব্যবসায়ীদের বেশিরভাগই নতুন। তবে এ লেখক-প্রকাশককে ভালো চিনতেন ব্রাইট পাবলিকেশনের মালিক কাজী জালাল উদ্দিন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাচ্চু জাপান থেকে এসে ব্যবসা শুরু করেন। খুব নরম  স্বভাবের মানুষ হলেও কাউকে তিনি ছেড়ে কথা বলতেন না। যা বলার সামনাসামনি বলে দিতেন। এ কারণে অনেকে তাকে পছন্দ করলেও কেউ কেউ অপছন্দও করতেন।’ 

২০১৩ সালে কয়েকজন ব্লগার হত্যাকাণ্ডের পর শাহজাহান বাচ্চু নিজের প্রতি হুমকির কথা জানিয়েছিলেন বলে জানান কাজী জালাল উদ্দিন। তিনি বলেন, ‘তখন উনি বলেছিলেন, ফেসবুক ও ব্লগে লেখালেখির কারণে হুমকি আসে। দেখি কী হয়।’

দুই স্ত্রী থাকলেও শাহজাহান বাচ্চু পারিবারিক জীবনে অসুখী ছিলেন না বলে জানান কাজী জালান উদ্দিন। তিনি বলেন, ‘উনাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল অনেক ভালো। অনেকটা বলা যায় পারিবারিক। তাকে কখনও পরিবার নিয়ে অসুখী দেখিনি।’

জঙ্গিরা তাকে টার্গেট করতে পারে। আবার এলাকাতেও কোনও ঝামেলা থাকতে পারে বলে মনে করেন কাজী জালাল। তিনি বলেন, ‘লেখালেখির কারণে জঙ্গিদের শাহজাহান বাচ্চু টার্গেটে পড়তে পারেন। আবার অনেকদিন ধরে এলাকায় থাকতেন, সেখানেও বিরোধ থাকতে পারে। কিন্তু এমন একজন মানুষকে গুলি করে মারতে পারে–এটা আমাদের বিশ্বাস হচ্ছে না।’

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহান বাচ্চু গ্রামের বাড়ি কাকালদীর পাশের পূর্ব কাকালদী এলাকার একটি ওষুধের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত এসে প্রথমে বোমা ফাটিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে। পরে বাচ্চুকে দোকান থেকে বের করে গুলি করলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের বিষয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. জায়েদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও আমরা জানতে পারিনি। মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসেছিল, তাই পুলিশ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়েছে।’

হত্যাকাণ্ডটি জঙ্গি হামলা কিনা তা খতিয়ে দেখতে ঘটনার পরপরই ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। ইউনিটের একজন কর্মকর্তা জানান, ‘হামলার ধরন দেখে প্রাথমিকভাবে এটি জঙ্গি হামলা বলে মনে হচ্ছে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।’ সিটিটিসি ছাড়াও বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনার রহস্য উদঘটনে কাজ করছে বলে জানা গেছে।

পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেন, ‘বাচ্চুর স্ত্রীর কাছ থেকে রাতে জানতে পারি যে, কে বা কারা তাকে হত্যার হুমকি দিয়েছিল। এ হুমকির ব্যাপারে সপ্তাহখানেক আগে শাহজাহান বাচ্চু তার স্ত্রীকে জানিয়েছিলেন। তবে তিনি পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে কখনও কোনও আবেদন করেননি।’ 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের