কোটা সংস্কার আন্দোলনকারীদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রীরা। বৃহস্পতিবার (৫ জুলাই) এক বিক্ষোভ মিছিল শেষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্রী শেখ মৌসুমী বলেন,‘কোটা আন্দোলনের নেতা রাশেদ রিমান্ডে, নূর হাসপাতালে, ফারুক কারাগারে। তাদের এই অবস্থায় রেখে আমরা ক্লাসে অংশগ্রহণ করতে পারি না। তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরববো না।’
এসময় তিনি অভিযোগ করে বলেন,‘আজকের বিক্ষোভ শেষে আমরা যখন গ্রন্থাগারের সামনে আসি, তখন অনেক ছেলে আমাদের কটূক্তি করেছে। আমরা ক্যাম্পাসে নিরাপদ থাকতে চাই। কোনও ধরনের হামলা চাই না। আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের কাছে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানাই।’
এর আগে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে শামসুন্নাহার হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা, ভিসি চত্বর হয়ে টিএসসিতে এসে শেষ হয়।
উল্লেখ্য, গত শনিবার ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ও আশপাশের এলাকায় কোটা সংস্কার আন্দোলনের বেশ কয়েকজন নেতাকে মারধর করা হয়। সোমবারও কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে কোটা আন্দোলনের সমর্থকদের ওপর হামলা হয়। কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি, ছাত্রলীগ এসব হামলা চালাচ্ছে। তবে ছাত্রলীগ নেতারা দাবি করছেন, কোটা আন্দোলনকারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে হামলার ঘটনা ঘটেছে।








