রাজধানীর বাংলামোটরে ৭ মার্চের মিছিলে এক তরুণীকে যৌন নিপীড়নের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ২৬ জুলাই ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ জুলাই) এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম লস্কার সোহেল রানা তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ঠিক করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৭ মার্চ বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা ছিল। ক্ষমতাসীন দলটির বিভিন্ন ওয়ার্ড শাখাসহ ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ওই জনসভায় যোগ দেন। বাংলামোটরে এ রকম একটি মিছিলের মধ্যে পড়ে একদল যুবকের হাতে যৌন নিপীড়নের শিকার হন এক তরুণী। তিনি তার ফেসবুকে অ্যাকাউন্টে বিষয়টি পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।
ভিকটিম ফেসবুকে লেখেন, ‘কলেজ থেকে ফেরার সময় এই জনসভার কারণে বাস না পেয়ে হাঁটতে হাঁটতে বাংলামোটরে আসার পর একটি মিছিলে থাকা একদল যুবক তাকে ঘিরে ফেলে যৌন নিপীড়ন করে। ১৫-২০ জন যুবক তাকে যৌন নিপীড়ন শুরু করলে এক পুলিশ সদস্য তাকে উদ্ধার করে একটি বাসে তুলে দেন।’
এ ঘটনায় তরুণীর বাবা রমনা থানায় মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়।








