সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রা আজ শনিবার শুরু হয়েছে। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়।এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে ২২ জুলাই।
কথিত আছে, আষাঢ় মাসের শুক্লা তিথিতে শ্রী শ্রী জগন্নাথ, তার ভাই শ্রী শ্রী বলভদ্র (বলরাম) ও বোন শ্রী শ্রী সুভদ্রাকে সঙ্গে নিয়ে পুরীধামের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান। সেখানে ৯ দিন অবস্থানের পর আবার পুরীধামে ফিরে আসেন। পুরীধামে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার মাধ্যমেই যুগ যুগ ধরে চলে আসছে এই উৎসব।
রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ঢাকার ৯ দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ থেকে শুরু হচ্ছে। ইসকনের স্বামীবাগ আশ্রমে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ এবং আলোচনা সভা শেষে দুপুরে সেখান থেকে রথসহ বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। তিনটি রথসহ এ শোভাযাত্রা রাজধানীর জয়কালি মন্দির, ইত্তেফাক মোড়, মতিঝিল শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পুরানা পল্টন মোড়, প্রেসক্লাব, দোয়েল চত্বর, পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়েছে।
আজ সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার মূল অনুষ্ঠানমালা। এসব অনুষ্ঠানের মধ্য রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ।
উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষে আগামী ২২ জুলাই আবারও মিলনমেলায় পরিণত হবে রথ মিলন স্থল ও সারাদেশ। উল্টো রথযাত্রার মাধ্যমে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা আবার ফিরে আসবেন ইসকন মন্দিরে। শেষ হবে রথযাত্রার আনুষ্ঠানিকতা।







