আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ছাত্র আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করার জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কাজ করছেন। ভিডিও ফুটেজসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখে তারা রিপোর্ট দেবেন। এরপর হামলাকারী কারা তা জানা যাবে। ১৫ আগস্ট ও ঈদের সময় নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে সোমবার (১৩ আগস্ট) দুপুরে পুলিশ সদর দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গুজব রটনাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করা গেলেও সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করতে ও ধরতে এত সময় লাগছে কেন, জানতে চাইলে আইজিপি বলেন, ‘পুলিশ যে একসঙ্গে সবকিছু করতে পারে এর কোনও নজির নেই। ডিবি চিহ্নিত করার কাজ করছে।’
হাতে কিরিচ ও লাঠি নিয়ে পুলিশের সঙ্গে হেলমেট ও লুঙ্গি পরা কারা ছিল- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘তারা কারা আমরা জানি না। পুলিশ কাউকে ডাকেনি। কারও সাহায্য চায়নি। সাহায্য চাইলে পুলিশ জনগণের কাছে চাইবে। আর যেকোনও পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে।’
আইজিপি বলেন, ‘গুজব রটনার অভিযোগে কয়েকশ' ফেসবুক আইডি শনাক্ত করা হয়েছে। ২১টি মামলা করা হয়েছে। ফেইক আইডিগুলো বন্ধ করার জন্য বিটিআরসিকে অনুরোধ জানিয়েছি। উসকানিদাতাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
আইজিপি আরও বলেন, ‘দুজন শিক্ষার্থীর মৃত্যুর পর শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, তাৎক্ষণিকভাবে তাদের প্রতিবাদ যুক্তিযুক্ত ছিল। প্রথম তিনদিন সঠিক ছিল। পরে তাদের আন্দোলন হাইজ্যাক হয়ে যায়। তাদের যৌক্তিক আন্দোলনটি আর তাদের হাতে ছিল না। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে হীন উদ্দেশ্যে ছাত্রদের আন্দোলন ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হয়।’








