নিরাপদ সড়ক আন্দোলনের সময় ফেসবুকে গুজব ছড়ানো, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় দায়ের করা পৃথক চার মামলায় এক শিক্ষার্থী তৌহিদুল ইসলাম তুষার ও বর্ণালী চৌধুরী লোপা নামে আরেকজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রমনা থানায় দায়ের করা মামলায় রবিবার (২৬ আগস্ট) ঢাকা কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম তুষারের জামিন দেন ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ। অন্যদিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) সাইফুজ্জামান হিরো ধানমন্ডি থানার পৃথক তিন মামলায় বর্ণালী চৌধুরী লোপাকে জামিন দেন।
এদিন কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লুৎফুন নাহার লুমা, মো. রাকিব হোসেন ও মো. হৃদয় পক্ষেও জামিনের আবেদন করা হয়। তবে মো. রাকিব হোসেন ও মো. হৃদয়ের পক্ষে করা জামিনের আবেদন নাকচ করেন আদালত। লুমার জন্য জামিন শুনানি আগামীকাল সোমবার দিন ধার্য করেন মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভর আদালত।
আসামি পক্ষের আইনজীবী জায়েদুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।
আসামি পক্ষে জায়েদুর রহমানসহ জ্যোতির্ময় বড়ুয়া ও ড. জাহিদ ইকবাল জামিন চেয়ে শুনানি করেন।
গত ২৯ জুলাই রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হন। এরপর ঘাতক বাসচালকের শাস্তিসহ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। ওই আন্দোলনের সময় উসকানি, ভাঙচুর, গুজব ছড়ানো ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানা পুলিশ।








