বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী বিলকিস বেগমকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের কার্যকারিতার ওপর হাইকোর্টের আদেশ স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ১ অক্টোবর দিন নির্ধারণ করেন আদালত।
সোমবার (১৭ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী এ আদেশ দেন।
আদালতে বিলকিস বেগমের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান বাংলা ট্রিবিউনকে বলেন, জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী বিলকিস বেগমকে তলব করে গত ১৯ আগস্ট নোটিশ দেয় দুদক। পরে সে নোটিশের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রিট করা হয়। শুনানি নিয়ে আদালত দুদকের নোটিশের ওপর স্থগিতাদেশ দেন।
তিনি জানান, দুদক চেম্বার আদালতে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। কিন্তু চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত না করে দুদকের আবেদনের ওপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ১ অক্টোবর দিন নির্ধারণ করেন। এর ফলে এ সময়ের মধ্যে বিলকিস বেগমকে দুদকের দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিতই থাকছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।








