রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান সংলগ্ন বেড়িবাঁধে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক শিশু নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৫ বছর। আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশুটি সকাল বেলা সড়কের ওপরে দাঁড়িয়েছিল। এসময় দ্রুতগামী কোনও যানবাহনের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। তবে তাকে কোন ধরনের পরিবহন ধাক্কা মেরেছে তা তারা বলতে পারেননি।
শিশুটিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন পথচারী মিজানুর রহমান। তিনি জানান, মোহাম্মদপুর ঢাকা উদ্যান সংলগ্ন বেড়িবাঁধের রাস্তায় কোনও যানবাহনের ধাক্কায় আহত অবস্থায় পড়ে ছিল ছেলে শিশুটি। ঢামেকে আনার পর কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০ টায় শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তার নাম পরিচয় কিছু জানাতে পারেনি কেউ। তার পরনে ছিলো শুধু একটি প্যান্ট।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।








