তৃতীয় প্রফেশনালে (বর্ষ) পাস করার পর একবছর পূর্ণ হলেই মেডিক্যাল শিক্ষার্থীরা ফাইনাল প্রফেশনাল পরীক্ষা দিতে পারবে মর্মে জারি করা বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে আগের নিয়ম অনুসারে মেডিক্যাল শিক্ষার্থীরা ফাইনাল প্রফেশনালে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
এক রিট আবেদনের শুনানিতে মঙ্গলবার (৯ অক্টোবর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ৩৬ জন রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আবদুন নূর দুলাল।
২০১৬ সালের ৫ জুন বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিক্যাল শিক্ষার্থীরা তৃতীয় প্রফেশনালে পাস করার পর একবছর পূর্ণ হওয়ার পরই ফাইনাল প্রফেশনালে পরীক্ষা দেওয়া যাবে।
কিন্তু তৃতীয় প্রফেশনালে যেসব শিক্ষার্থী দুই-একটি বিষয়ে পাস করতে পারেননি তারা পরে পরীক্ষা দিয়ে পাস করার পর একবছর পূর্ণ না হওয়ায় ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুসারে তারা বঞ্চনার মুখে পড়েন। কিন্তু তারা ২০১৩-১৪ সালে ভর্তি হয়েছিলেন। আর এ বিজ্ঞপ্তি পুরনো ব্যাচের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মেডিক্যাল কলেজের ৩৬ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের শুনানিতে আদালত ওই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দেন।
এ আদেশের ফলে বিএমডিসি’র ২০১২ সালের বিজ্ঞপ্তি অনুসারে সারাদেশের মেডিক্যাল শিক্ষার্থীদের তৃতীয় প্রফেশনাল পরীক্ষার পর একবছর পূর্ণ না হলেও ফাইনাল প্রফেশনালে পরীক্ষা দেওয়ার বাধা থাকলো না বলে বাংলা ট্রিবিউনকে জানান আইনজীবী মো. আবদুন নূর দুলাল।








