ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-কে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য রবিবার (২১ অক্টোবর) দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
দলটির নিবন্ধন বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার (১৬ অক্টোবর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এনডিএম’র রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
পরে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৭ জুন হাইকোর্টের আদেশের পর ২৮ জুন আমরা নির্বাচন কমিশন থেকে একটি চিঠি পাই। চিঠিতে নিবন্ধনের আবেদন বাতিলের কোন স্পষ্ট কারণ উল্লেখ ছিল না। তাই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।’
তিনি বলেন, ‘এরপর সেই রিটের শুনানি নিয়ে গত ৮ জুলাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম)-কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সেই রুলের ওপর মঙ্গলবার শুনানি শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন হাইকোর্ট।’
রাশনা ইমাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন আসছে। কিন্তু নিবন্ধন না থাকায় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলটি প্রচার-প্রচারণাও করতে পারছে না। দলের রেজিস্ট্রেশন ছাড়া এগুলো করা সম্ভব হচ্ছে না।’
প্রসঙ্গত, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ তাদের রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন বরাবর একটি আবেদন করেছিলেন। গত বছরের ডিসেম্বরে ওই আবেদন করা হয়। নির্বাচন কমিশনের সিডিউল অনুসারে গত বছরের ডিসেম্বরের আবেদনগুলো এ বছরের মার্চ মাসের মধ্যে নিষ্পত্তি এবং মার্চ মাসেই নতুন রাজনৈতিক দলগুলোর তালিকা বের হবার কথা ছিল।
কিন্তু মার্চ মাস পেরিয়ে গেলেও কোনও জবাব না পেয়ে গত ২৭ জুন নির্বাচন কমিশনের ওপর নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। এর প্রেক্ষিতে এনডিএম’র আবেদনটি নিষ্পত্তি করতে সময় বেঁধে দিয়েছিলেন হাইকোর্ট। এরপর দলটির নিবন্ধন আবেদন বাতিল ঘোষণা করে চিঠি দেয় নির্বাচন কমিশন। সেই চিঠির বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট দায়ের করেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ।








