ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় মেট্রোরেলের জন্য মাটি খোঁড়াখুঁড়ি করার সময় মাটি চাপায় তিন শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা হলেন, নান্নু মিয়া (৫৫), সেলিম (৪০) ও নজরুল ইসলাম (৪৫)। তাদের আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের কাজ করার জন্য শ্রমিকরা মাটি কাটার সময় মাটির গভীরে চলে যায়। একপর্যায়ে মাটি ভেঙে তাদের ওপর পড়ে। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।







