ইউটিউবে সেনাবাহিনী ও পুলিশকে নিয়ে ভুয়া ভিডিও প্রকাশের অভিযোগে একজনকে আটক করেছে ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। আটক ব্যক্তির নাম জিয়াউর রহমান (২৭)। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নোয়াখালীর সেনবাগ থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, সিম জব্দ করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে ওই ইউটিউব চ্যানেলটির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হয়। ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জিয়াউর রহমান উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ইউটিউব চ্যানেলে সেনাবাহিনী দ্বারা পুলিশকে মারপিটের ভুয়া ভিডিও আপলোড করে জননিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। তিনি জানান, আসলে এই ভিডিও ছিল বাংলাদেশ নেভির একটি বিশেষ প্রশিক্ষণের অংশবিশেষ। আটক ব্যক্তির বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।







