জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আল মেহেদী তালুকদার বলেছেন, ‘গত ১০ বছর যাবৎ ক্যাম্পাসে সহাবস্থান নেই। শুধু হলে একসঙ্গে থাকা সহাবস্থান নয়। ক্যাম্পাসে রাজনীতির চর্চা করার সুযোগ থাকা সহাবস্থান।’
বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘ডাকসু নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) বাংলা ট্রিবিউন কার্যালয়ে এ বৈঠকির সঞ্চালনা করেন সাংবাদিক মুন্নী সাহা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ।
আল মেহেদী তালুকদার বলেন, ‘এতোদিন পরে ডাকসু নির্বাচন আলোর মুখ দেখছে। আমাদের কাছে এই নির্বাচন গুরুত্বপূর্ণ। কিন্তু ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করবে কে? বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের সঙ্গে আলোচনা করে সহাবস্থানের নিশ্চয়তা পাইনি।’
অনুষ্ঠানে আলোচনায় আরও অংশ নিয়েছেন– আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. কাবেরী গায়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম।







