ঘুষের বিনিময়ে পানি বিক্রির অভিযোগে ওয়াসার ফকিরাপুল মডস জোনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৮ মার্চ) হটলাইন-১০৬ এ অভিযোগ পেয়ে এই অভিযান চালান দুদক সহকারী পরিচালক জেসমিন আক্তার ও তার টিম। অভিযানের সময় অভিযোগের সত্যতা মিলেছে।
দুদকের অপর অভিযানটি হয় খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে। ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এ অভিযান চলে। অভিযানের সময় খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায়ের প্রমাণও মিলেছে। অবৈধভাবে আদায় করা দেড় লাখ টাকা শিক্ষার্থীদের ৩ এপ্রিল ফেরত দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম।








